• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকার হটাতে’ যুগপৎ আন্দোলনে একমত বিএনপি-এলডিপি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২ ৩:১৯
আপডেট: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২ ৩:১৯

91023

সরকার হটাতে’ যুগপৎ আন্দোলনে একমত বিএনপি-এলডিপি

সিনিয়র করেসপন্ডেন্ট

বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার ‘হটানোর’ যুগপৎ আন্দোলন’ করতে ঐক্যমত হয়েছে এলডিপি-বিএনপি।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকালে মহাখালী ডিওএইচএসের অলি আহমেদের বাসায় এলডিপির সাথে সংলাপে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘‘আজকের এই বৈঠকে বর্তমান এই ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে জনগনের একটি সরকার প্রতিষ্ঠা এবং জনগণের একটি পার্লামেন্ট গঠন করার ব্যাপারে আমরা আন্দোলন করতে একমত হয়েছি।”

‘‘আমরা আশা করি সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরে যুগপত ভাবে এই আন্দোলন গড়ে তুলতে সক্ষম হবো এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার যাকে এদেশের জনগন কেউই দেখতে চায় না তার পতন ঘটিয়ে আমরা জনগনের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।”

বিকাল ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত এই সংলাপ হয়। সংলাপে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ছিলেন।

এলডিপির ৭ সদস্যে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান অলি আহমেদ। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, মহাসচিব রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম, নেয়ামূল বসির, আওরঙ্গজেব বেলাল, সাকলাইন খান ও সৈয়দ মাহবুব মোর্শেদ।

বৈঠকের পর অলি আহমেদ বলেন, ‘‘ বর্তমান যে সরকার আছে তারা দেশকে ধ্বংস করে দিচ্ছে, দেশের জনগণ এক অস্বস্তিকর পরিবেশে বাস করছে, কারো জীবনের যান-মালের কোনো নিরাপত্তা নেই, মৌলিক অধিকার নেই, ন্যায় বিচার নেই। একটা মগের মুল্লুকে আমরা বসবাস করছি। এরকম অবস্থা দেশের মানুষের জন্য কাম্য নয়। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, এই ধরনের লুটপাট-অর্থ পাচারের জন্য এদেশ স্বাধীন করি নাই।”

‘‘আমরা চাই, এই অবস্থার অবসান হোক। আমরা আজকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই সরকারের পতন ঘটাতে সক্ষম হবো।”

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে অনতিবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিও জানান অলি আহমেদ।

গত ২৪ মে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপি সংলাপ শুরু করে। প্রথম দফায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন, সাইফুল হকের বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে সংলাপ করেন।

এছাড়া ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি(কাজী জাফর), জাতীয় গণতান্ত্রিক পার্টি(জাগপা), বাংলাদেশ লেবার পার্টি, ন্যাপ-ভাসানী ও মুসলিম লীগের সাথেও সংলাপ শেষ করেছেন বিএনপি মহাসচিব।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com