এম আর কামাল, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : র্যাব-১১ বুধবার (৬ এপ্রিল) রাতে ও বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে জেলার সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৬টি পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত একাধিক পৃথক অভিযানে জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা হতে ঢাকাগামী একটি প্রাইভেটকার তল্লাশী করে ১০০ বোতল ফেনসিডিলসহ রুবেল হোসেন (২৬) মোঃ পলাশ (২২) ও মোঃ মমিনুল (৩৫) নামক ৩ মাদক ব্যবসায়ী, ঢাকাগামী ১টি স্কুটি তল্লাশী করে ৩০২ বোতল ফেনসিডিলসহ মোঃ মাসুম (৩২) অপর ১টি প্রাইভেটকার তল্লাশী ৫০০ বোতল ফেনসিডিলসহ বশির আহমেদ (২২) নামক ১ মাদক ব্যবসায়ী, জেলার বন্দর থানা এলাকা হতে ১টি প্রাইভেটকার তল্লাশী করে ৩০১ বোতল ফেনসিডিলসহ বেলাল হোসেন (৩০) গ্রেফতার ও ১টি মোটরসাইকেল তল্লাশী ১০০ বোতল ফেনসিডিলসহ আল আমিন (৪২) ও ২। রাজু (৪০) নামক ২ মাদক ব্যবসায়ী এবং ৭ কেজি গাঁজাসহ মোঃ রহমত উল্লাহ (৫২) নামক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
উক্ত ৬টি পৃথক অভিযানসমূহে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ৩টি প্রাইভেটকার, ১টি মোটর সাইকেল ও ০১টি স্কুটি জব্দ করা হয়। এছাড়া গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১১টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন ও মাদক ক্রয় বিক্রয়ের নগদ ১৫ হাজার ১’শ ১০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর সহকারী পরিচালক এএসপি সম্রাট তালুকদার জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ রুবেল হোসেন জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী এলাকার মোঃ আবুল হোসেন এর ছেলে, আসামী মোঃ পলাশ পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন ভান্ডারিয়া এলাকার আঃ মালেক এর ছেলে, আসামী মোঃ মমিনুল লালমনির হাট জেলার হাতীবান্ধা থানাধীন উত্তর যাওরানী এলাকার আঃ গনি মিয়ার ছেলে। অপর অভিযানে গ্রেফতারকৃত আসামী মোঃ মাসুম ডিএমপির বংশাল থানাধীন জগন্নাথ বসাক লেন নবাবপুর এলাকার হারুন অর রশিদের ছেলে এবং মোঃ বশির আহমেদ কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন দেবীদ্বার এলাকার হাজী মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে। এছাড়া বন্দর থানা এলাকা হতে গ্রেফতারকৃত আসামী মোঃ বেলাল হোসেন কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন রানীচরা এলাকার আঃ রব মোল্লার ছেলে, আসামী মোঃ আল আমিন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ভোলাই শান্তিনগর এলাকার মোঃ আবুল কাশেম এর ছেলে, আসামী মোঃ রাজু নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পঞ্চবটি আমতলা এলাকার মৃত আঃ রহমান এর ছেলে এবং অপর আসামী মোঃ রহমতউল্লাহ ডিএমপির গেন্ডারিয়া থানাধীন ধুপখোলা ডিস্ট্রারী রোড এলাকার মৃত নীহাল ইসলামের ছেলে। গ্রেফতারকৃত আসামীরা প্রত্যেকেই মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বিভিন্ন অভিনব কৌশলে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।













