আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, এটি স্বাভাবিক বিষয় যে আমরা এই সরকারের সঙ্গে কার্যক্রম চালাব।
শুক্রবার (৩০ আগস্ট) দিল্লিতে রাজীব সিক্রির লেখা ‘স্ট্র্যাটেজিক কনড্রামস : রিশেপিং ইন্ডিয়া’স ফরেন পলিসি’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনের কথা উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সবাই অবগত যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দু’দেশের সম্পর্ক নানা উত্থান-পতনের মধ্যে দিয়ে গেছে। স্বীকার করতে হবে যে রাজনৈতিক পরিবর্তন রয়েছে এবং রাজনৈতিক পরিবর্তন অনেক সময় অপ্রত্যাশিতভাবে হয়। এখানে অবশ্যই আমাদের পারস্পরিক স্বার্থটা দেখতে হবে।
এর আগে, গত ১৭ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর ফোনালাপ হয়েছে। ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছি। তিনি আমাকে বাংলাদেশে হিন্দুসহ সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ছোট বোন শেখ রেহানাসহ তারা ভারতেই অবস্থান করছেন। সূত্র: ইউএনবি, ইকোনোমিক টাইমস, এনডিটিভি













