শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দ্য জাকার্তা পোস্টের প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। আটক ১৬ জনের মধ্যে আটজন বাংলাদেশি এবং আটজন ইন্দোনেশিয়ার নাগরিক। তারা একটি দুই ইঞ্জিনের স্পিডবোটে করে অবৈধভাবে ইন্দোনেশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন।
দুমাই নৌঘাঁটির প্রধান কর্নেল আগুং এন. কুসুমাজি জানান, পানতাই মুতিয়ারা উপকূলে একটি অবৈধ বন্দর দিয়ে অভিবাসীদের ইন্দোনেশিয়ায় প্রবেশের পরিকল্পনা সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়া যায়।
এর ভিত্তিতে রোববার সন্ধ্যা থেকে ওই এলাকায় নজরদারি ও অভিযান শুরু করা হয়।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ দলকে পানতাই পূর্ণমার জলসীমা ও উপকূলজুড়ে অবরোধ, পর্যবেক্ষণ এবং নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়। নৌঘাঁটির গোয়েন্দা ইউনিটের প্রধান ক্যাপ্টেন ওয়াহু উইডি ওয়াইদায়াতের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানটি তিনটি দলে ভাগ হয়ে পরিচালনা করা হয়।
অভিযানে দুমাই নৌঘাঁটির কুইক রেসপন্স টিম, নেভাল রিজিওনাল কমান্ড আই/বেলাওয়ানের মেরিটাইম ইন্টেলিজেন্স ইউনিট এবং ফ্লিট কমান্ড আই-এর মেরিটাইম ইন্টেলিজেন্স অপারেশনস টাস্ক ফোর্স অংশ নেয়। আটক ব্যক্তিদের অবৈধভাবে ইন্দোনেশিয়ায় প্রবেশের কারণ ও তাদের যাতায়াতের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে।
আ/আ












