নিউজ ডেস্ক
দুর্নীতি মামলায় বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর ৯ বছরের সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। বিচারিক আদালতে রায় পৌঁছানোর ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে তাকে। গত ৩০ মে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
বুধবার (২৬ জুলাই) দুপুরে ২৭৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। চার কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকুর বিরুদ্ধে, ২০০৭ সালে মোহাম্মদপুর থানায় মামলা করে দুদক।
ওই বছরই বিচারিক আদালতের রায়ে তাকে নয় বছরের কারাদণ্ড দেয়া হয়। আপিল বিভাগে বিএনপি নেতা রায় রিভিউর আবেদন করলে তা খারিজ হয়ে যায়। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে, ২০১১ সালে তাকে খালাস দেয় হাইকোর্ট।
হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক এবং ২০১৪ সালে খালাসের রায় বাতিল কোরে ফের শুনানির আদেশ দেয় আপিল বিভাগ। পরে এ বছর বিচারিক আদালতের সাজা বহাল রেখে আদেশ দেয়া হয়।












