জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশকে প্রতিবেদন দিতে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। সিইসির সঙ্গে আইজিপির এই সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের আইজিপি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, আইনশৃঙ্খলা-সংক্রান্ত সমন্বয়কেন্দ্র গঠন এবং বিভিন্ন জেলা ও উপজেলার পরিস্থিতি নিয়ে কথা হয়েছে।
তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন দিতে বলেছেন। পুলিশ বাহিনীর পক্ষ থেকে খুব শিগগিরই নির্বাচন কমিশনে এ প্রতিবেদন দেওয়া হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।












