জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী প্রয়াত আইয়ুব বাচ্চু এবং দেশবরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার ববিতাসহ মোট ১০ জন বিশিষ্ট ব্যক্তি চলতি বছরের একুশে পদকে ভূষিত হচ্ছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর একুশে পদকের জন্য যাদের মনোনীত করা হয়েছে, তাদের মধ্যে চলচ্চিত্রে অবদানের জন্য অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা নির্বাচিত হয়েছেন। চারুকলা ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সাত্তার। স্থাপত্যে বিশেষ অবদানের জন্য একুশে পদক দেওয়া হচ্ছে স্থপতি মেরিনা তাবাসসুমকে।
সংগীত ক্ষেত্রে মরণোত্তর একুশে পদক পাচ্ছেন কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু। ব্যান্ড সংগীতে অবদানের জন্য সম্মাননা পাচ্ছে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। নাট্যকলায় অবদানের জন্য নির্বাচিত হয়েছেন ইসলাম উদ্দিন পালাকার। সাংবাদিকতায় একুশে পদক পাচ্ছেন শফিক রেহমান।
এছাড়া শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য প্রফেসর মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার জস এবং নৃত্যকলায় অবদানের জন্য অর্থী আহমেদ এবছরের একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন।












