লক্ষ্মীপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত
আমি নিজে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করেছেন। আমরা তারই আদর্শে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে লক্ষ্মীপুর প্রেসক্লাব আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, পথ ও মত ভিন্ন থাকতে পারে, দেশের কল্যাণে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করব। আমরা সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে লক্ষ্মীপুরসহ সারাদেশকে এগিয়ে নিতে চাই।
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আহম ও মুসতাকুর রহমানের সভাপতি অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামগতি ও কমলনগর আসনে নির্বাচিত সংসদ সদস্য এবিএম আশারাফ উদ্দিন নিজান, জেলা বিএনপির সদস্যসচিব শাহাবুদ্দিন সাবু, জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভুঁইয়া, জেএসডির যুগ্ম মহাসচিব সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ননীগোপাল ঘোষ, অধ্যাপক জেড এম ফারুকী, অধ্যাপক মাইন উদ্দিন পাঠান, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন পেশাজীবীর সংগঠন ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।












