জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ডিএসসিসির নিজস্ব তহবিল হতে ইমাম-মুয়াজ্জিনদের এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ডিএসসিসি পরিচ্ছন্নতাকর্মীদের নিকট অনুদান হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) নগর ভবনে পৃথক দুটি অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম এই অনুদান হস্তান্তর করেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্য পরিচ্ছন্নতাকর্মীদের সম্মান ও সহমর্মিতা জানিয়ে প্রধানমন্ত্রী গত ১৫ মার্চ সিটি কর্পোরেশনের প্রশাসকদের কাছে অনুদানের চেক তুলে দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট ৪ হাজার ৯৫০ জন পরিচ্ছন্নতা কর্মীদের অনুকূলে জনপ্রতি ৫০০০ টাকা করে মোট ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। আজ নগর ভবনে ডিএসসিসি প্রশাসক আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতাকর্মীদের কাছে বরাদ্দকৃত অর্থ তুলে দেন।
পরিচ্ছন্নতা কর্মীদের উদ্দেশে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী যেমন আপনাদের কাছে ঈদ উপহার তুলে দিয়েছেন, ঠিক তেমনি আপনাদের দায়িত্ব প্রধানমন্ত্রীকে ক্লিন সিটি, গ্রিন সিটি উপহার দেওয়া।
পৃথক অনুষ্ঠানে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ১৮৭০ জন ইমামকে জনপ্রতি ৩০০০ টাকা এবং ১৮৭০ জন মুয়াজ্জিনকে জনপ্রতি ১৫০০ টাকা করে মোট ৮৪ লাখ ৫০ হাজার টাকা ঈদ অনুদান হিসেবে হস্তান্তর করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে এ অনুদান প্রদান করা হয়।
ইমাম-মুয়াজ্জিনদের উদ্দেশ্যে প্রশাসক বলেন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে নাগরিকদের সু-অভ্যাস গড়ে তুলতে ইমামদের নেতৃত্ব দিতে হবে। এ সময় তিনি পরিচ্ছন্ন নগর গড়তে, জনমত তৈরি করতে সুশীল সমাজের অন্যতম অংশ হিসেবে ইমাম-মুয়াজ্জিনদের সহযোগিতা ও পরামর্শ প্রার্থনা করেন।
ঈদ অনুদান প্রদান অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মোহাম্মদ নাছিম আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












