• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঈদযাত্রায় ২৪ ঘন্টা সক্রিয় থাকবে পুলিশ: আইজিপি

প্রকাশ: সোমবার, ২৬ জুন, ২০২৩ ২:৫৮
আপডেট: সোমবার, ২৬ জুন, ২০২৩ ২:৫৮

82BF1472 065F 4585 BF21 9E9E704239F0

ঈদযাত্রায় ২৪ ঘন্টা সক্রিয় থাকবে পুলিশ: আইজিপি

ডেস্ক নিউজ

ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরেফেরা মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নির্ধারিত সময়ে গমন নিশ্চিত করতে ২৪ ঘন্টা সড়কে থাকবে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ওসিসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। অনেক সময় অভিযোগকারীকে যথাসময়ে সেবা দেয়া সম্ভব হয় না। এজন্য এবার সড়কে সক্রিয় থাকবে পুলিশের মোটরসাইকেল পেট্রলটিম। যাতে দ্রুত সময়ে অভিযোগ শোনা ও ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সোমবার (২৬ জুন) দুপুরে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর গাবতলী স্থায়ী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, গত ঈদুল ফিতরে সকলের সার্বিক সহযোগিতায় ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে পেরেছি। সাধারণ মানুষ আশ্বস্ত হয়েছেন ও যার যার গন্তব্যে নির্বিঘ্নে ও যথাসময়ে গমনাগমন করতে পেরেছেন। এবারের ঈদযাত্রাও নির্বিঘ্ন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আইজিপি বলেন, মেট্রোপলিটন পুলিশ, হাইওয়ে পুলিশ, টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ, র‍্যাব, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, নৌ পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ সকল ইউনিট একযোগে কাজ করছে। মালিক শ্রমিক, হাটের ইজারাদার ও যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি। কেউ হয়রানি শিকার হচ্ছেন কিনা, তা জানার চেষ্টা করেছি। এখন পর্যন্ত সবাই স্বস্তিদায়ক বলেছেন।

এর আগে আমরা গাজীপুর সাভার বাইপাইল এলাকা পরিদর্শন করেছি। সড়কের অবস্থা, মানুষের কথা শুনেছি। ঈদযাত্রা সরেজমিনে পরিদর্শন করেছি। সাধারণ মানুষ নির্বিঘ্নে যার যার গন্তব্যে যাচ্ছেন। যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে, পদ্মাসেতু হয়েছে। আগের মত অবস্থা আর নেই যে, মানুষ বাসের ছাদে চড়ে গন্তব্যে যাবে। ঈদ যাত্রায় সড়কের অবস্থার কথা ভেবে মানুষ আগে বাড়িতে নাকি রাস্তায় ঈদের নামাজ পড়বেন সেই শঙ্কায় থাকতেন, সে পরিস্থিতি আর নেই। গত ঈদুল ফিতরের ঈদ যাত্রা ছিল স্মরণকালের স্বস্তিদায়ক।

যাত্রীদের আহ্বান জানিয়ে পুলিশ মহাপরিদর্শক বলেন, যে কোন সমস্যায় নিকটস্থ পুলিশে খবর দিন অথবা ৯৯৯ এ ফোন করুন। আপনার অভিযোগ জানান। পুলিশ দ্রুত সময়ের মধ্যে আপনার অভিযোগের নিষ্পত্তি করবেন।

আইজিপি বলেন, ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন না চালানোর জন্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। টেলিভিশনে টিভিসি চালানো হয়েছে। খালি পিকাপ ট্রাকে যাত্রী হিসেবে উঠবেন না। এরপরও যদি কোন যাত্রী ট্রাকে পিকাপে ওঠেন, তাহলে পুলিশ সদস্যরা দেখামাত্র সড়কের নামিয়ে দেবে। সুতরাং নেমে ভোগান্তিতে পড়ার আগে স্বাভাবিক গণপরিবহন ব্যবহার করুন। অতিরিক্ত যাত্রী হিসেবে বাসে, ট্রেনে বা নৌপরিবহনে গমনাগমন না করতে অনুরোধ জানান আইজিপি।

আইজিপি বলেন, ঈদ-উল-ফিতরের চেয়ে ঈদুল আযহায় পুলিশের দায়িত্ব বেশি। এবার সড়কে শুধু ঈদ যাত্রা নয় কোরবানির হাটের নিরাপত্তা দিতে হচ্ছে পুলিশকে। পাশাপাশি মৌসুমী ফলের যানবাহনকে নিরাপত্তা দিচ্ছে পুলিশ।

আইজিপি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা জাল টাকার কারবার করেন তারা হুঁশিয়ার হয়ে যান। আমরা গত দুই মাসে ৩ কোটি ৬১ লাখ জাল টাকা উদ্ধার করেছি। গ্রেফতার করেছে কারবারীদের। সাম্প্রতিক সময়ে দেড় কোটি জাল টাকা উদ্ধার ও কারবারিদের গ্রেফতার করেছি। অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারীসহ যারা প্রতারণা কাজে জড়িত তাদের বিরুদ্ধে অভিযান চলছে। সাবধান হবে যান, প্রতারণামূলক কাজে জড়ালে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ প্রতারিত হলে সঙ্গে সঙ্গে ৯৯৯ এ খবর দিন। পুলিশ ব্যবস্থা নেবে।

ঈদের ছুটিতে যারা ঢাকাসহ শহর ছেড়ে গ্রামের বাড়িতে যাবেন তাদের উদ্দেশ্যে আইজিপি বলেন, আমরা ঢাকাসহ বিভিন্ন জেলা পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশনা দিয়েছি নিরাপত্তা নিশ্চিত করার জন্য। বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঈদ উপলক্ষে জনসমাগম বাড়বে সে কারণে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তারা দিবা-রাত্রি দায়িত্বে নিয়োজিত থাকবেন।

ঈদে যারা ঢাকা শহর ছেড়ে গ্রামের বাড়িতে যাবেন, তারা নিজেদের প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মূল্যবান জিনিসপত্র সযত্নে ও নিরাপদে রেখে যাবেন। কেউ কোনো সমস্যায় পড়লে পুলিশকে জানান।

এসময় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ড. খ. মহিদ উদ্দিন, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ, সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com