জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
গ্যাসসংকট আগের সরকারের পাপের ফল, তাই জনগণের কষ্টের দায় স্বীকার করে সরকার সংকট নিরসনে কাজ করছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, গ্যাস সংকট পুরোপুরি নিরসন হতে কমপক্ষে দুই বছর সময় লাগবে। সেই পরিকল্পনা অনুযায়ী সরকার এগোচ্ছে। খুব বেশি সমস্যা যেন না হয় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।
গ্যাসের সমস্যা নিয়ে ও বিরোধী দলের আন্দোলন নিয়ে সাংবাদিকেদের করা প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, মানুষ একটু না-মানুষ আসলে যথেষ্ট কষ্ট পাচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী নিজে দুঃখ প্রকাশ করেছেন। আমাদের বক্তব্যটা খুব সহজ। মানুষের কষ্টটা সত্য। কিন্তু এটার জন্য আমাদেরকে দোষ দেওয়াটা সঠিক না। তবে বাংলাদেশ এখন একটা জ্ঞানভিত্তিক সমাজের দিকে পৌঁছেছে বলে আমার বিশ্বাস, যেখানে অহেতুক যদি কাউকে দায় দেওয়া হয় সেটা মানুষ শুনবে বলে মনে হয় না।
জ্বালানিসংকটের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, আপনারা খুব ভালোভাবেই জানেন, আমরা যে জ্বালানির সংকটের মুখোমুখি হচ্ছি, এটা দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত সমস্যা এবং একটা দুর্ঘটনা। দুর্ঘটনাটা ঠিক হওয়ার প্রায় শেষ, এটা ঠিক হয়ে যাবে। এটা তো আসলে বছরের পর বছর ধরে হয়েছে। এটার জন্য আমরা খুব দ্রুত স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিয়েছি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ভোলার গ্যাস মূল লাইনে নিয়ে আসার জন্য যা যা করা দরকার সরকার সেটার জন্য চেষ্টার করছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনার চেষ্টা আছে। মধ্যমেয়াদে আমাদের ওই কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। কিন্তু প্রত্যেকটার সমস্যা হচ্ছে এটা সময়সাপেক্ষ।
সভায় শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, নজরুলকে শুধু প্রতিযোগিতা ও পুরস্কারের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিটি স্কুলে শিশুদের বয়স উপযোগী করে তার সাহিত্য, চিন্তা ও দর্শন নিয়ে চর্চা করা প্রয়োজন। একটা কম্পিটিশন বাচ্চাদের মধ্যে আসলে এটা আমাদের একমাত্র উদ্দেশ্য না। যারা স্কুলের প্রধান বা শিক্ষা কর্মকর্তা বা প্রশাসনে আছেন, তারা এই বার্তাটা পৌঁছে দেবেন, যাতে প্রতিটা স্কুলে যেন নজরুলকে নিয়ে তার বয়স উপযোগী কিছু চর্চা হয়।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব দীপংকর বিশ্বাস, ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।












