জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে হেফাজতে থেকে অবশেষে বৃহস্পতিবার (১ আগস্ট) ছাড়া পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক। ডিবি কার্যালয় থেকে মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এই ছয়জনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।
বৃহস্পতিবার (১ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে তিনি এ স্ট্যাটাস দেন।
আসিফ মাহমুদ স্ট্যাটাসে বলেন, রাজপথের আন্দোলনের সিদ্ধান্ত রাজপথ থেকেই আসবে। ডিবি অফিস থেকে ইচ্ছার বিরুদ্ধে আদায়কৃত ঘোষণা প্রত্যাখ্যান করে রাজপথে নেমে আসা ছাত্র-জনতাকে সালাম জানাই।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে নির্মম হত্যাকাণ্ডের বিচার, দায়ীদের পদত্যাগ ও নির্বিচারে গণগ্রেপ্তারের প্রতিবাদে কর্মসূচি চলমান থাকবে। গত ১৯ জুলাই থেকে অকথ্য নির্যাতন-নিপীড়ন সহ্য করছি। আপোষহীনতার জন্য যে কোন মূল্য দিতে প্রস্তুত আছি।
এর আগে আন্দোলনের দুই সমন্বয়ক ফেসবুকে স্ট্যাটাস দেন। তবে স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পর দুজনেরই আইডি উধাও হয়ে যায়। বৃহস্পতিবার (১ আগস্ট) রাত ৮টার দিকে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর আইডি খুঁজেও পাওয়া যায়নি।
তার আগে বৃহস্পতিবার ডিবি থেকে মুক্ত হয়েই ফেসবুকে স্ট্যাটাস দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। ওই স্ট্যাটাসে তিনি সরকারের বিরুদ্ধে কথা না রাখার অভিযোগ করেন। একইসঙ্গে তিনি ‘গণগ্রেফতার, জুলুম, নির্যাতন যতদিন না বন্ধ হচ্ছে; ততদিন এ লড়াই চলবে’ বলে ঘোষণা দেন।
অন্যদিকে, একইদিনে মুক্ত হয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন হাসনাত আব্দুল্লাহ। স্ট্যাটাসে তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেন, ‘আমাদের এই আন্দোলন শুধু ব্যক্তির মুক্তির জন্য নয়; বরং বৈষম্য, নিপীড়ন, গণগ্রেফতার এবং ছাত্র নির্যাতনের বিরুদ্ধে। এই আন্দোলনে গ্রেফতার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
এর আগে বৃহস্পতিবার দুপুর দেড়টায় ছয় সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়।












