শীর্ষ খবর ডেস্ক
ছবিঃ সংগৃহীত
হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শুভ জন্মাষ্টমী উপলক্ষে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এর সঙ্গে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সমন্বয় সভায় জন্মাষ্টমীতে পিকেট পার্টি, টহল পার্টি, সিসিটিভি ক্যামেরা, ফুট পেট্রোল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল, ডিবি টিম, সাদা পোশাকে গোয়েন্দা টিম, সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল টিম ও ট্রাফিক পুলিশসহ পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে অবহিত করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৪ সেপ্টেম্বর শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত পদক্ষেপ ও নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় শুভ জন্মাষ্টমী নির্ধারিত রুটে ও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও, নামাজ ও আজানের সময় লাউড স্পিকার/মাইক বাজানো থেকে বিরত থাকা, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, ব্যাগ-পোটলাসহ রথযাত্রায় অংশগ্রহণ না করা, সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়।
সমন্বয় সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘মহানগরীতে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব শুভ জন্মাষ্টমী। এ উৎসব সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি জানান, ডিএমপির প্রতিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সংশ্লিষ্ট শুভ জন্মাষ্টমী উদযাপন কমিটির সঙ্গে পৃথকভাবে সমন্বয় সভা করবেন। পাশাপাশি উৎসবের সময় তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখবেন। সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বানও জানান তিনি।
মো. শফিকুল ইসলাম আরও বলেন, শুভ জন্মাষ্টমীর নিরাপত্তায় দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের নির্ধারিত পোশাক পরিধান করতে হবে। নিরাপত্তা নিশ্চিতে সাদা পোশাকে পুলিশ সদস্য এবং লাইনিং ফোর্সও মোতায়েন থাকবে। বৈদ্যুতিক লাইনের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।
তিনি বলেন, ‘শুভ জন্মাষ্টমীর প্রতিটি মুহূর্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সবার সহযোগিতায় উৎসবটি শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন হবে বলে আমরা আশা করি।’
সমন্বয় সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শুভ জন্মাষ্টমী উপলক্ষে ডিএমপির সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এবং শুভ জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতৃবৃন্দও বক্তব্য দেন ও নিজেদের মতামত তুলে ধরেন।
সমন্বয় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি)) মোহাম্মদ ওসমান গণি, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, ইসকন বাংলাদেশের সভাপতিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।








