• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জুলাই সনদ বাস্তবায়নে বিপরীতমুখী আচরণ বন্ধ করুন, কমিটিতে আসুন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ১১:২৯
আপডেট: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ১১:২৯

965966582

জুলাই সনদ বাস্তবায়নে বিপরীতমুখী আচরণ বন্ধ করুন, কমিটিতে আসুন: স্বরাষ্ট্রমন্ত্রী

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের দাবি জানিয়ে আবার সংবিধান সংশোধন কমিটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্তকে ‘বিপরীতমুখী আচরণ’ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে স্থায়ী কমিটি গঠন ও সংবিধান সংশোধন কমিটি নিয়ে আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলকে পুনরায় এই কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘এখন আপনারা সবই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে চাইবেন, অথচ সনদ বাস্তবায়নের জন্য সহযোগিতায় আসবেন না। দুইটা বিপরীতমুখী হয়ে যায়।’

এর আগে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের অভিযোগ করেন, সংসদে বিরোধী দলের সদস্য সংখ্যার অনুপাতে তারা ২৬ শতাংশ স্থায়ী কমিটির সদস্য পদ পেলেও কোনো মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পদ দেওয়া হয়নি। তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার শর্তে সভাপতি পদ দেওয়ার প্রস্তাব গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ‘একটি কমিটিতে জয়েন করানোর জন্য শর্ত আরোপ করে জোরজবরদস্তি করার ট্র্যাডিশন আমরা সঠিক মনে করি না।’ সংসদীয় কমিটির সভাপতি পদ বিরোধী দলের প্রাপ্য অধিকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘শর্ত দিয়ে সংসদীয় কমিটির সভাপতি পদ চাই না।’

জবাবে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, বিরোধী দলের সদস্য সংখ্যার আনুপাতিক হারে ১০টি সংসদীয় কমিটির সভাপতি পদ দিতে সরকার প্রস্তুত রয়েছে। তবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গঠিত সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণ প্রত্যাশা করছে সরকার।

তিনি বলেন, চিফ হুইপ হিসেবে বিরোধী দলীয় উপনেতার সঙ্গে ফোনালাপের ভিত্তিতে তিনি আশা করেছিলেন, বিরোধী দল সংবিধান সংশোধন কমিটিতে থাকবে। এ কারণেই রবিবার কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল।

পরে ফ্লোর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের জন্য কার্যপ্রণালী বিধির ২২৬ বিধি অনুযায়ী বিশেষ কমিটি গঠন করা হয়েছে এবং এতে বিরোধী দলের জন্য পাঁচটি সদস্যপদ রাখা হয়েছে। তার সভাপতিত্বে কমিটির একটি বৈঠকও হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান বিশেষজ্ঞ, বিচারপতি, আইনজীবী, সম্পাদক, শিক্ষক, জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের পরিবার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে কমিটি প্রতিবেদন তৈরি করবে। বিরোধী দলকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা কমিটিতে আসুন। আপনাদের সব বক্তব্য ও ভিন্নমত লিপিবদ্ধ করা হবে। জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করতে হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com