জনতার আওয়াজ ডেস্ক
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তেলের মান ও পরিমাণ নিয়ে গাফিলতি করা যাবে না। তেল পরিবহনের যানবাহনের অবস্থা আন্তর্জাতিক মানের হতে হবে। যা একটি নির্দিষ্ট নিয়ম-নীতির আওতায় চলবে। ফিজিক্যাল সিকিউরিটি ও সাইবার সিকিউরিটি উভয় বিষয়েই বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
বুধবার (৬ মার্চ) পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান স্থাপনা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
নসরুল হামিদ বলেন, স্মার্ট বাংলাদেশের ভিত্তি হবে স্মার্ট জনগণ। কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই আধুনিক ধ্যান ধারণা সম্পন্ন হতে হবে। নিজেদেরকে স্মার্ট হতে হবে। ১৫৪ বছরের ঐতিহ্য পদ্মা অয়েল কোম্পানিটি আধুনিক হবে তখনই যখন এর কর্মকর্তা-কর্মচারীরা আধুনিক স্মার্ট হবে।
উল্লেখ্য, পদ্মায় বিভিন্ন ধরনের জ্বালানি মজুদ সক্ষমতা প্রায় ২ লাখ ৯০ হাজার টন যা আরও বৃদ্ধি করা আবশ্যক। জ্বালানি তেল গ্রহণ মজুদ ও সরবরাহ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্তে জ্বালানি তেল পরিমাপের ক্ষেত্রে প্রধান স্থাপনায় ম্যানুয়াল সিস্টেমের পরিবর্তে আধুনিক রাডার টাইপ অটো ট্রাংক গেজিং সিস্টেম স্থাপন করার কাজ দ্রুত সম্পন্ন করা উচিৎ। তাছাড়া অটোমেশন যত দ্রুত করা যায় ততই ভালো।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে বিপিসি চেয়ারম্যান এবিএম আজাদ এনডিসি, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এর প্রধান স্থাপনা পরিদর্শন করেন।













