জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকার যানজট নিরসন, গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো এবং একটি আধুনিক ও টেকসই যোগাযোগব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা ঘোষণা করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর হাতিরঝিলে ডিটিসিএ ভবনের সভাকক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের আলোচনা সভায় আগামী দুই দশকের কৌশলগত পরিবহন পরিকল্পনা (এসটিপি ২০২৬-২০৪৫) এবং এর আওতাধীন বিভিন্ন প্রকল্পের বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়।
ডিটিসিএর নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানের সভাপতিত্বে সভায় সরকারের নীতিগত সিদ্ধান্ত ও বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। এ ছাড়া সড়ক ও নৌ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা নিয়ে বিস্তৃত অধিক্ষেত্রে ১১টি মন্ত্রণালয় ও ২৭টির অধিক সংস্থার সমন্বয়ে পরিবহন অবকাঠামো তদারকি করে আসছে ডিটিসিএ। সভায় উপস্থাপিত এসটিপি ২০২৬-২০৪৫ অনুযায়ী ২০৪৫ সালের মধ্যে রাজধানীতে ৮টি মেট্রোরেল (এমআরটি) লাইন, ২টি বিআরটি লাইন, ৩টি রিং রোড, ৮টি রেডিয়াল সড়ক, ৬টি এক্সপ্রেসওয়ে এবং ২১টি ট্রান্সপোর্টেশন হাব নির্মাণ হবে। এর ফলে মেট্রোরেল নেটওয়ার্ক ২০২৩ সালের ১৯ দশমিক ৮ কিলোমিটার থেকে বৃদ্ধি পেয়ে ২০৩০ সালে প্রায় ৭২ দশমিক ২ কিলোমিটার, ২০৩৫ সালে ১৩৭ দশমিক ৮ কিলোমিটার এবং ২০৪৫ সালে ২৬৮ দশমিক ৫ কিলোমিটারে উন্নীত হবে।
মেট্রোরেলের ফিডার সার্ভিস হিসেবে প্রায় ৭৯.৪ কিলোমিটার দৈর্ঘ্যের ৫টি মনোরেল করিডর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের প্রাক-সম্ভাব্যতা যাচাইয়ের (পিএফএস) জন্য বুয়েটকে নিয়োগের প্রক্রিয়া চলছে। আগামী তিন মাসের মধ্যে প্রথম মনোরেল প্রকল্পের করিডর নির্ধারণ করা হবে। ছয় মাসের মধ্যে পিএফএস প্রতিবেদন দাখিলের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রাজধানীর বাইরের যানবাহন ভেতরে প্রবেশ না করিয়ে বাইপাস করার জন্য প্রায় ৮৮ দশমিক ৮ কিলোমিটারের ইনার রিং রোড, ১৩২ দশমিক ৮ কিলোমিটারের মিডল রিং রোড এবং ১৭৮ কিলোমিটারের আউটার রিং রোড–এই ৩টি রিং রোড নির্মাণের কাজ সওজ, বিবিএ ও দুই সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি সদরঘাট থেকে আশুলিয়া পর্যন্ত বৃত্তাকার নৌপথ ও একাধিক ল্যান্ডিং স্টেশন চালুর মাধ্যমে রাজধানীর নদীকেন্দ্রিক যাতায়াত পুনরুজ্জীবিত করা হবে।
যানজট নিরসনে মহাখালী, গাবতলী, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া–এই ৪টি আন্তজেলা বাস টার্মিনাল পর্যায়ক্রমে শহরের বাইরে স্থানান্তরের কাজ চলছে এবং হেমায়েতপুর, কাঁচপুর, বাঘাইর, মদনপুর ও পূর্বাচলে অস্থায়ী ও স্থায়ী ডিপো নির্মাণের কার্যক্রমও সমান্তরালভাবে চলছে।
সংঘাত: আহতরা ঢামেক হাসপাতালে
পরিবেশবান্ধব ও আধুনিক বাস সার্ভিস চালুর অংশ হিসেবে বিশ্বব্যাংকের ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণসহ মোট ২ হাজার ৪৮১ কোটি টাকা ব্যয়ে ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট (বিক্যাপ)–ফেজ ১: ঢাকা বাস মডার্নাইজেশন প্রোগ্রাম (ডিবিএমপি)’-এর আওতায় ৪০০টি ইলেকট্রিক বাস চালুর প্রস্তুতি চলছে। ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩১ সালের আগস্ট পর্যন্ত মেয়াদি এই প্রকল্পে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ও কোম্পানি-পরিচালিত ই-বাস ব্যবস্থা প্রবর্তন করা হবে।
এ ছাড়া গাবতলী, কমলাপুর ও এয়ারপোর্টে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব নির্মাণের মাধ্যমে মেট্রো, বাস, রেল, নৌ ও বিমান যোগাযোগকে এক সুতায় গেঁথে নিরবচ্ছিন্ন স্থানান্তর (সিমলেস ট্রান্সফার) নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে ডিটিসিএকে প্রাতিষ্ঠানিকভাবে আরও শক্তিশালী করতে ‘মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি আইন, ২০২৬’ প্রণয়ন এবং সংস্থাটিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসটিপি ২০২৬-২০৪৫-এর মন্ত্রিসভায় অনুমোদন ও গেজেট প্রকাশ, নতুন আইনের নীতিগত অনুমোদন এবং ক্লিন এয়ার প্রজেক্টের দ্রুত অনুমোদনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে ডিটিসিএ।












