জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
পুলিশ প্রশাসনে নতুন করে রদবদল এনেছে সরকার। ফরিদপুর ও ঝালকাঠি জেলার পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তনের পাশাপাশি ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব পরিবর্তনের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠির পুলিশ সুপার এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুরের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়েছে।
এদিকে, পৃথক আরেকটি প্রজ্ঞাপনে তিনটি রেঞ্জের ডিআইজি পদেও পরিবর্তন আনা হয়েছে। এতে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি, বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজির দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া পুলিশ সদর দপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মহানগর পুলিশ কমিশনার, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশে এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে এপিবিএনে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।












