জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠক করেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। ভবিষ্যতে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করতে বাংলাদেশ কাজ করে যাবে।
খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সরকার ব্যবসা ও বিনিয়োগ সহজীকরণে কাজ করছে। তিনি বলেন, গত তিন বছর অর্থনীতি স্থবির ছিল এবং বিনিয়োগ প্রত্যাশিত মাত্রায় আসেনি। প্রতিবছর দেশে প্রায় ২০ লাখ মানুষ কর্মবাজারে প্রবেশ করে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে বিনিয়োগবান্ধব দেশে রূপান্তর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং শিগগিরই এর ইতিবাচক ফল দৃশ্যমান হবে। এ সময় তিনি বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও গতিশীল করতে আগ্রহী। তিনি নন-ট্যারিফ বাধা দূর করতে বাণিজ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করেন এবং বাংলাদেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর অংশীদারত্ব অব্যাহত থাকবে। একই সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে সমতাভিত্তিক প্রতিযোগিতার পরিবেশ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান।
বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান এবং অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার উপস্থিত ছিলেন।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসটিয়াগা, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, ফ্রান্সের রাষ্ট্রদূত ফ্রেডরিক ইনজা, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক, ইতালির রাষ্ট্রদূত এন্তোনিও আলসান্দ্রে, জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ, ফ্রান্সের রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল এবং ইউরোপীয় ইউনিয়নের ট্রেড অ্যাডভাইজর আবু সাঈদ বেলাল উপস্থিত ছিলেন।













