জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
দেশের ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ক্রীড়া কার্ডের আওতায় ভাতাভোগী ক্রীড়াবিদের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হচ্ছে। খুব শিগগিরই আরও ২০০ জন ক্রীড়াবিদকে এ সুবিধার অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রবিবার (২৮ জুন) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) অ্যাকাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ আনসার ও ভিডিপির কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াবিদদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আকৃষ্ট করতে সরকার ক্রীড়া কার্ড কার্যক্রমের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তিনি জানান, এই উদ্যোগ বাস্তবায়িত হলে মেধাবী খেলোয়াড়রা আরও বেশি অনুপ্রাণিত হবেন এবং দেশের ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়নও ত্বরান্বিত হবে।
বাংলাদেশের ফুটবলের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, জাতীয় ফুটবলকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায় থেকে দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। এসব পরিকল্পনা ধারাবাহিকভাবে বাস্তবায়িত হলে আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে বাংলাদেশ একটি শক্তিশালী অবস্থান গড়ে তুলতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী বাহিনীর ২৩ জন খেলোয়াড়কে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠান শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাকাডেমির কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। পরে তিনি বিজয়ী খেলোয়াড় ও দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন।













