• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মহাসড়কের পাশে গরুর হাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না: সেতুমন্ত্রী

প্রকাশ: রবিবার, ২৪ মে, ২০২৬ ১০:৪২
আপডেট: রবিবার, ২৪ মে, ২০২৬ ১০:৪২

9633

মহাসড়কের পাশে গরুর হাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না: সেতুমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
মহাসড়কের পাশে গরুর হাট বা বাজার কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘সড়কের মেরামত প্রয়োজন হলে তা নিয়মিতই করা হচ্ছে এবং এটি চলমান থাকবে।’

রবিবার (২৪ মে) বিকেলে কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

আসন্ন ঈদুল আজহার যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে পরিবহন মালিক ও শ্রমিকদের সহযোগিতা কামনা করেছেন মন্ত্রী। তিনি বলেন, শ্রমিক নেতা ও পরিবহন মালিকরা যদি দায়িত্বশীল আচরণ করেন, যানবাহনের ফিটনেস নিশ্চিত করেন, চালকদের সঠিকভাবে শনাক্ত করে নিয়ম মেনে গাড়ি চালানো নিশ্চিত করেন এবং পুলিশ যদি পরিবহনগুলোকে ট্রাফিক আইন মেনে চলতে বাধ্য করে, তাহলে জনগণকে একটি নিরাপদ ঈদযাত্রা উপহার দেওয়া সম্ভব হবে।

মন্ত্রী আরও বলেন, সড়কে চালকদের শৃঙ্খলা মেনে চলা, ট্রাফিক আইন অনুসরণ করা এবং প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে এবারের ঈদুল আজহার যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলে তিনি বিশ্বাস করেন।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, জনগণ তাদের ভোটের মাধ্যমে সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। শ্রমিক নেতা হুমায়ুন কবির খান ও সাইফুল ইসলাম নিয়মিতভাবে শ্রমিকদের বিভিন্ন দাবি সরকারের কাছে তুলে ধরছেন এবং সরকার সেগুলো বাস্তবায়নের পথ খুঁজছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, এসব দাবি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

একই সঙ্গে তিনি পরিবহন সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, সরকারের পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেটিও সঠিকভাবে পালন করতে হবে। বিশেষ করে ঈদের সময় বাইপাইল, এলেঙ্গা, চন্দ্রাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, কোথাও যানজট, দুর্ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটে এবং শত শত বাস যেন সড়কে দাঁড়িয়ে না থাকে—সেটি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, পরিবহন খাত সংশ্লিষ্টরা যদি নিজেদের দায়িত্ব পালন করেন, তাহলে সরকারও তাদের দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

গাজীপুর জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রমিক নেতা ও সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআরটিএ চেয়ারম্যান হাবিবুর রহমান। অন্যদিকে শুভেচ্ছা বক্তব্য দেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের পুলিশ সুপার মো. রহমত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম এবং বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান এবং সড়ক পরিবহন ও সেতু সচিব মোহাম্মদ জিয়াউল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্বাগত বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান জানান, ঈদে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ৭০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পাশাপাশি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষও চালু থাকবে। তিনি ঘরমুখো যাত্রী ও পরিবহন চালকদের সড়ক আইন ও শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান।

যানজট কমাতে তিনি সড়কের পাশে থাকা ছোট ছোট বাস কাউন্টার তিন দিনের জন্য সরিয়ে নেওয়ার অনুরোধ জানান। একই সঙ্গে সড়কের ওপর বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানো থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি।

শুভেচ্ছা বক্তব্যে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো শ্রমিকদের যাতায়াত নিশ্চিত করতে বিআরটিসির ৫৮১টি রিজার্ভ বাস চলাচল করবে। এছাড়া রিজার্ভ বাসের বাইরে গাজীপুরের বিভিন্ন স্থান থেকে আরও ৫৮টি বাস চলাচল করবে। যাত্রীচাপ বাড়লে প্রয়োজন অনুযায়ী বাসের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com