• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে: আইনমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ২:৫৮
আপডেট: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ২:৫৮

9659850

মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে: আইনমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বর্তমানে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির বিভিন্ন সূচকে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। তিনি জানান, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুমের ঘটনা এখন প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। পাশাপাশি গায়েবি ও মিথ্যা মামলার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। এই অগ্রগতিকে আরও এগিয়ে নিতে আইনজীবীদের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

বুধবার (১১ মার্চ) রাজধানীর ঢাকা ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এল এল এম লইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা) আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফৌজদারি কার্যবিধির ১৭৩ (এ) ধারা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এই ধারা মানুষের অধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হয়েছে। তিনি ব্যাখ্যা করে বলেন, অনেক সময় শত শত মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। এসব মামলায় অভিযুক্তদের বছরের পর বছর পুলিশি প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হলে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এতে তারা ব্যবসা পরিচালনা, বিদেশ ভ্রমণ কিংবা চিকিৎসা গ্রহণের মতো গুরুত্বপূর্ণ কাজ থেকেও বঞ্চিত হন।

এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য উচ্চতর পুলিশ কর্তৃপক্ষের মাধ্যমে অন্তর্বর্তীকালীন পুলিশ রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তার মতে, এই ব্যবস্থা চালু হওয়ায় অনেক মানুষ অযথা দীর্ঘদিন হয়রানির শিকার হওয়া থেকে রক্ষা পাবেন।

আইনমন্ত্রী উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় এল এল এম লইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা)-এর সদস্যদের উদ্দেশ্যে বলেন, আইন পেশায় নিয়োজিত ব্যক্তিরা যদি সঠিক মানবিক মূল্যবোধ, দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন, তবে দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার নিশ্চিত করা সম্ভব।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, সবারই মনে রাখতে হবে যে শেষ পর্যন্ত আমাদের কাজ করতে হবে দেশের মানুষের কল্যাণের জন্য।

মন্ত্রী আসাদুজ্জামান বলেন, “আমরা বিশ্বাস করি, এ দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার নাগরিকদের জন্য নিশ্চিত করা সম্ভব হবে, যদি আইন পেশায় নিয়োজিত ব্যক্তিরা নিজেদের মূল্যবোধের জায়গা থেকে দায়িত্ব সঠিকভাবে পালন করেন।”

ডুলার সভাপতি শেখ আলী আহমেদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ডুলার সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জয়নাল আবেদীনসহ অন্যরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com