জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে করে বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
তিনি জানান, এ জন্য রাজশাহী বিমানবন্দরকে আরও সম্প্রসারণ করা হবে।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। এর আগে রাজশাহী কালেক্টরেট পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন তিনি। পরে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ভূমিমন্ত্রী বলেন, ‘রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে করে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে। এ জন্য রাজশাহী বিমানবন্দরকে আরও সম্প্রসারণ করা হবে। যতদিন যাবে, রাজশাহী তত এগিয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘মৎস্য খাতে বাংলাদেশ বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ প্রথম ও দ্বিতীয় অবস্থানেও রয়েছে। আগামী দিনে এ খাত আরও এগিয়ে যাবে। মৎস্যসম্পদকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতি আরও শক্তিশালী করা সম্ভব।’
মিজানুর রহমান মিনু বলেন, আগামী দিনে কয়েকটি সেক্টরের মধ্যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে এগিয়ে যাবে। আগামী দিনে এ জায়গা জমিনের যুদ্ধ হবে না। যুদ্ধ হবে মিষ্টি পানি খাওয়ার, সুইট ওয়াটার। এই সুইট ওয়াটার (মিষ্টি পানি) বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বড় রিজার্ভার। পেট্রোলের চেয়ে এ মিষ্টি পানির দাম অনেক বেশি। আগামী দিনে আরও বেশি হবে। পৃথিবীর এখনও ৭-৮ টা দেশের যুদ্ধ হয় নদীর পানি নিয়ে। তাই এ সম্পদ সংরক্ষণ ও সঠিকভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিতে হবে।’
তিনি আরও বলেন, রাজশাহীর আশপাশের খাল-বিলগুলো মাছ চাষের উপযোগী করে গড়ে তোলা হবে। এ সব জলাশয়ে মাছ চাষ করে স্থানীয় চাষিরা উৎপাদিত মাছ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন। এ জন্য রাজশাহীর চাষিদের দেশিয় পদ্ধতিতে মাছ চাষে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশিদ, রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, রাজশাহী বিভাগীয় মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, রাজশাহীর উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালন করা হয়।













