নিউজ ডেস্ক
রাজধানীর শাহবাগে ভাতার বৃদ্ধির দাবিতে আবারও আন্দোলনে নেমেছে বেসরকারি রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট পোস্টগ্র্যাজুয়েটরা। তারা বলছেন, ৫ হাজার টাকা বর্ধিত ভাতা চিকিৎসকদের সঙ্গে হাস্যরস ছাড়া কিছুই না। এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না।
শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের রাস্তা অবরোধ করে সোমবার (১৭ জুলাই) বেলা ১১টায় আন্দোলন শুরু করেন চিকিৎসকরা।
আন্দোলনকারী চিকিৎসকরা বলেন, সাত দিনের মধ্যে আমরা প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরতে চাই। আমরা কোন দয়াদক্ষিণা চাই না। ৫০ হাজার টাকা ভাতা আমাদের অধিকার। ২৫ হাজার টাকা ভাতা আমরা কোনোভাবেই মেনে নিব না।
পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবের হোসেন বলেন, আমরা গতকাল শুনেছি ৫ হাজার টাকা ভাতা বাড়ানো হয়েছে, এটা একটা উড়ন্ত খবর। এর কোনো সত্যতা নেই। যদি সত্যও হয়, ২৫ হাজার টাকায় আমরা সন্তুষ্ট নই। আমরা এমন একটা ভাতা চাই, যেটা দিয়ে পরিবার নিয়ে সুন্দর করে জীবনযাপন করতে পারি, পাশাপাশি আমাদের চলমান কোর্সটি সুন্দরভাবে শেষ করতে চাই।
তিনি বলেন, আজকের মতো শান্তিপূর্ণ অবস্থান করতে চেয়েছিলাম, কিন্তু গতকাল আমাদের ওপর পুলিশ যেভাবে হামলা করেছে, তা কোনোভাবেই কাম্য ছিল না। এই অন্যায়ের বিচার আমরা চাই। ইন্টার্ন চিকিৎসকরা আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। ইন্টার্ন চিকিৎসকদেরও আমরা পাশে পাবো।













