ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ছবি: সংগৃহীত
কয়েক দফায় রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশ ও হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর, অতিউৎসাহী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ১ ঘণ্টা আল্টিমেটাম দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আল্টিমেটাম শেষ হওয়ার আগে নতুন আগামীকাল শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে, এমন বার্তা দিয়ে শাহবাগ ছাড়েন আন্দোলনকারীরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে শাহবাগ ছাড়েন আন্দোলন। এরপরই শাহবাগ এলাকার চারপাশের যানচলাচল স্বাভাবিক। এর আগে অস্থায়ী মঞ্চে এসে ইনকিলাব মঞ্চের এক নেতা সকলকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামীকাল নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।’
এর আগে রাত সাড়ে ১০টায় দিকে ১ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের বলেন, ‘পুলিশের ভেতরে থাকা কিছু কুলাঙ্গারেরা আমাদের ভাই-বোনদের ওপর জুলাইয়ের মতো সাউন্ড গ্রেনেড ও হামলা করেছে। জুলাইয়ের ক্ষোভের পুরোনো আক্রোশ থেকে আমাদের ভাই-বোনদের ওপর তারা এই হামলা চালিয়েছে। কিছু পুলিশ সদস্য অশালীন অঙ্গ-ভঙ্গি ও নৃত্য করেছে। এক পুলিশ সদস্য বলেছে, ‘‘আয় হাদির লাশ নিয়ে যা’’। আমরা বলেছি, ‘‘আমার ভাইয়ের লাশ দে’’। যেহেতু লাশ তোর কাছে রয়েছে, দিয়ে দে আমার ভাইয়ের লাশ মানুষরূপী সকল হায়েনাকে আমরা চিহ্নিত করে সেই তালিকা পুলিশকে দিয়েছি। আমরা ১ ঘণ্টার সময় দিয়েছি, অবশ্যই এই কুলাঙ্গারদের বিচার করতে হবে। একটা কুলাঙ্গারকেও ছাড় দেওয়া হবে না। যদি বিচার না করা হয়, আমরা এই রাষ্ট্রের বিচার করব।’
এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের সঙ্গে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদসহ জুলাই ঐক্যের বেশ কয়েকজন প্রতিনিধি সাক্ষাৎ করে।













