নিউজ ডেস্ক
রাজনৈতিক দলগুলোর সংলাপ নিয়ে ইসি এখন ভাবছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। তিনি বলেছেন, কমিশনের পক্ষ থেকেও নতুন করে আর কোনো সংলাপের আয়োজন করার প্রয়োজন আছে বলে মনে করছি না।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মঙ্গলবার (২৫ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংলাপের বিষয়ে নির্বাচন কমিশনের এ অবস্থানের কথা জানান তিনি।
দায়িত্ব গ্রহণের চার মাস পর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকে কাজী হাবিুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। তবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো তা বর্জন করে। পরে আরো একবার সংলাপের উদ্যোগ নিলেও বিএনপি ও সমমনাদের সাড়া পায়নি কমিশন। চিঠি পাঠিয়েও কোনো জবাব পাওয়া যায়নি।
নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, সংলাপের আর কোনো উদ্যোগ নেই। সংলাপ নিয়ে ভাবছি না। আমাদের সংলাপের আর প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবেই সমাধান হবে। রাজনৈতিক বিষয়ে আমাদের এখতিয়ার নেই। আমরা তফসিলসহ অন্যান্য নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাব।
তফসিল নিয়ে এখনো আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, অক্টোবরে তফসিল হবে কি না জানি না। জানুয়ারির প্রথম সপ্তাহে বা ডিসেম্বরের শেষ সপ্তাহে যদি নির্বাচন করি তাহলে ৪৫ দিন আগেই করতে হবে।













