শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা আগামীকাল সোমবার (৩১ আগস্ট) প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকায় ভোটার সংখ্যা দাঁড়াবে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।
ইসি কর্মকর্তারা জানান, গত ৯ আগস্ট প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হালনাগাদ প্রক্রিয়ায় ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন নতুন ভোটার যুক্ত হন। সর্বশেষ চূড়ান্ত হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার ছিলেন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।
সর্বশেষ তালিকায় পুরুষ ভোটার ছিলেন ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। এ ছাড়া হিজড়া ভোটার ছিলেন ১ হাজার ২৪৩ জন।
আগামী নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। এ ক্ষেত্রে প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।
ইসি জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি কোনো কারণে পেছালে ভোটার নিবন্ধনের সময়ও বাড়ানো হবে। পরবর্তী সময়ে নতুন নিবন্ধিত ভোটারদের সম্পূরক তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদের কাজকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে আগামী স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।













