জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
সাংবিধানিক নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
রবিবার (২৩ আগষ্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তরপ্রধান এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।
মঈন খান বলেন, আগের সরকারের সময়ে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বর্তমান গণতান্ত্রিক সরকার সে ধরনের নির্বাচন করবে না। সংবিধান ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে।
দুর্নীতির বিষয়ে তিনি বলেন, সরকার কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। কেউ দুর্নীতিতে জড়ালে যথাযথ প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশে আইনের শাসন ও আইনি ব্যবস্থা প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য।













