জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারীতে প্রধানমন্ত্রীর আগমনে আয়োজিত গণসংবর্ধনা ও জনসভাকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
রবিবার (৯ আগস্ট) সকাল থেকেই হাটহাজারীর কলেজ মাঠ ও এর আশপাশের সড়কগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সমাবেশস্থলে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা যায়, হাতে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও জাতীয় পতাকা নিয়ে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো হাটহাজারী বাসস্ট্যান্ড ও পার্শ্ববর্তী এলাকা। নেতাকর্মী ও স্থানীয়দের উপস্থিতিতে জনসভাস্থল রূপ নেয় এক মহাসমাবেশে।
সমাবেশ কেন্দ্র করে পুরো এলাকায় জোরদার করা হয়েছে বহুমুখী নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির পাশাপাশি চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ও শৃঙ্খলাবদ্ধ রাখতে কাজ করছে ট্রাফিক পুলিশ।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারম্যান তারেক রহমান। একদিনের এই সফরে কক্সবাজারের মহেশখালী থেকে শুরু করে চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, উন্নয়ন প্রকল্প পরিদর্শন, আলেমদের সঙ্গে সৌজন্য সাক্ষাত এবং দলীয় সাংগঠনিক বৈঠক।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের চট্টগ্রামে প্রথম সফর ঘিরে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর মধ্যেও ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে।
প্রধানমন্ত্রী দুপুরে চট্টগ্রামের বাঁশখালিতে সভায় যোগ দেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সেখান থেকে হেলিকপ্টারে ফটিকছড়িতে এসে হেফাজত আমিরের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বৈঠক শেষে হাটহাজারীতে জণসভায় যোগ দিবেন। এরআগে হেফাজতের সাবেক আমীর আল্লামা শফির কবর জেয়ারত করবেন।












