• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১৮ দেশে কর্মী পাঠাতে চুক্তি সই হয়েছে: বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী

প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১০:৪৮
আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১০:৪৮

960225

১৮ দেশে কর্মী পাঠাতে চুক্তি সই হয়েছে: বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
মালয়েশিয়াসহ ১৮টি দেশের সঙ্গে কর্মী পাঠাতে সমঝোতা চুক্তি সই হয়েছে এবং আগামী পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।

সোমবার (২০ এপ্রিল) ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের ১৭তম দিনে প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রতিমন্ত্রী জানান, বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ১৮টি দেশের সঙ্গে সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন শ্রমবাজার নিশ্চিত করা হবে।

তিনি জানান, সৌদি আরবের পর অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার মালয়েশিয়া পুনরায় চালু করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে সম্প্রতি একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মালয়েশিয়া সফর করে দেশটির সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছে। দ্রুতই সেখানে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বন্ধ বা সীমিত শ্রমবাজার যেমন ওমান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে কর্মী পাঠানো বাড়াতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ১ লাখ ড্রাইভার তৈরির একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। পাশাপাশি জাপানের সঙ্গে চুক্তির আওতায় আগামী পাঁচ বছরে ১ লাখ কর্মী পাঠানোর লক্ষ্যে জাপানি ভাষা শিক্ষায় গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ‘জাপান সেল’ গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, ২০২৫ সালে ১১ লাখের বেশি বাংলাদেশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। সরকার এ ধারাবাহিকতা বজায় রেখে বৈদেশিক কর্মসংস্থান আরও বাড়াতে কাজ করছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com