• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৩:৩৯
আপডেট: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৩:৩৯

9666302

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে ৮০ ভাগ নারী কর্মী থাকবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এ সম্মেলনে তিনি অংশ নেন।

দেশের জেলা-উপজেলাভিত্তিক হাসপাতালগুলোর চিকিৎসাসেবা উন্নত করার পাশাপাশি শহর ও গ্রামের বৈষম্য দূর করতে সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জেলা উপজেলাভিত্তিক হাসপাতালগুলোর চিকিৎসাসেবা উন্নত করা হবে। শহর এবং গ্রামের স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকারের কাজ চলমান। দেশের স্বাস্থ্যখাত নিয়ে বিএনপি সরকারের পরিকল্পনা রয়েছে। ক্রমান্বয়ে জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দ দেওয়া হবে।’

হামের টিকা নিয়ে বিগত দুই সরকারের ব্যর্থতা জীবনবিনাশী অপরাধ উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘দেশের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রকে জবাবদিহিতার আওতায় আনা হবে। সুচিকিৎসার লক্ষ্যে সমন্বিত ই-হেলথ কার্ড চালু করা হবে। ধাপে ধাপে জাতীয় স্বাস্থ্যবিমা চালু করা হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সুচিকিৎসা নিশ্চিতে দেশের চিকিৎসকের সহায়তা দরকার। সরকারকে সহযোগিতায় প্রত্যেক চিকিৎসককে এগিয়ে আসাতে হবে। চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি দ্রুত সমাধান করা হবে, বাকি সমস্যাগুলো পর্যায়ক্রমে করা হবে।’

স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কার্যক্রমকে আরও যুগোপযোগী করা, সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা এবং সরকারের নির্দেশনা চিকিৎসকদের কাছে পৌঁছে দিতে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত জরুরি সেবা ক্যাটাগরিতে মনোনীত ছয় চিকিৎসককে ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী।

ক্রেস্টপ্রাপ্ত চিকিৎসকরা হলেন- ডা. শোভন কুমার বসাক, ডা. আল মোরশেদ, ডা. মুজিবুর রহমান, ডা. সাজিদ হাসান, ডা. সুমন কান্তি সাহা ও ডা. তাসনিম জুবায়ের।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে এটিই প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com