জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সফরে আসা প্রধানমন্ত্রীকে দেখতে জেলা শহরের জেলখানা মোড়ে অনন্য সাজে গায়ে ধানের গোছা ও শীষ পেঁচিয়ে হাজির হয়েছে হোসেনপুরের এক বিএনপিকর্মী।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অংশ নিতে আসা নেতাকর্মীদের ভিড়ে তাকে এমন সাজে দেখা যায়।
ধানের গোছা দিয়ে তৈরি পোশাক ও সাজসজ্জায় রফিক মিয়াকে ঘিরে উৎসুক মানুষের ভিড় জমে। অনেকেই মোবাইল ফোনে তার ছবি ও ভিডিও ধারণ করেন।
আরও পড়ুন
ব্যতিক্রমী সাজে সবার নজর কাড়েন হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বাসিন্দা বিএনপি কর্মী মোহাম্মদ রফিক মিয়া। শরীর ও গলায় পাকা ধানের গোছা ও শীষ দিয়ে নিজেকে সাজিয়ে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় ছিলেন তিনিও।
মোহাম্মদ রফিক মিয়া বলেন, ‘আমি আমার দলকে অনেক ভালোবাসি। দলের প্রতি ভালোবাসা থেকেই আজ ধান দিয়ে নিজেকে সাজিয়েছি। ধান আমাদের ঐতিহ্য। সেই ঐতিহ্যকে ধারণ করেই আজকের এই সাজে এসেছি।’
আরও পড়ুন
তিনি বলেন, রবিবার (১৬ আগস্ট) আমাদের নেতা তারেক রহমান কিশোরগঞ্জে আসছেন। প্রিয় নেতার সঙ্গে দেখা করার অনেক আশা নিয়ে আমি কিশোরগঞ্জে এসেছি। আমার একটাই প্রত্যাশা, আমি যেন আমার নেতার সঙ্গে সাক্ষাৎ করতে পারি এবং তার সঙ্গে হাত মেলাতে পারি।
রফিক মিয়া আরও বলেন, দলের প্রতি আন্তরিক ভালোবাসা থেকেই আমি এভাবে সেজেছি। এটা শুধু আমার ব্যক্তিগত বিষয় নয়, দলের প্রতি ভালোবাসারই বহিঃপ্রকাশ। আমাদের নেতা কিশোরগঞ্জে আসবেন, তার সঙ্গে আমরা মিলিত হব, হাত মেলাব এটাই আমার অনেক দিনের আশা।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মানুষের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে, রফিক মিয়ার ব্যতিক্রমী সাজ তারই বহিঃপ্রকাশ। কৃষি ও ধানের সঙ্গে মানুষের সম্পর্ক এবং দলের প্রতি সমর্থনের প্রতীকী প্রকাশ হিসেবেই তিনি এভাবে সেজেছেন।
প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর ঘিরে দিনভর এমন নানা ব্যতিক্রমী আয়োজন ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।









