জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
প্রথমবারের মতো ইউরোপের কোনো জাতীয় দলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী জুনের ফিফা উইন্ডোতে ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে তাদের মাটিতেই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
মঙ্গলবার (৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংস্থাটি জানিয়েছে, আগামী ৫ জুন সান মারিনোর মাটিতে অনুষ্ঠিত হবে প্রীতি ম্যাচটি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ইউরোপের দল হলেও ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে সান মারিনো। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮১তম, অন্যদিকে সান মারিনো রয়েছে ২১১ নম্বরে। তবে র্যাঙ্কিংয়ের এই ব্যবধান ছাড়িয়ে ম্যাচটি দুই দেশের জন্যই এক অনন্য মাইলফলক।
বিবৃতিতে বাফুফে জানায়, এটি হবে কোনো ইউরোপীয় জাতীয় দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ এবং ইউরোপের মাটিতে দলটির প্রথম খেলা। একইভাবে, সান মারিনোর জন্যও এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ তারা তাদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো এশীয় জাতীয় দলের মুখোমুখি হবে।
এদিকে, সান মারিনোর বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের ডাগআউটে কে থাকবেন, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। জাতীয় দলের বর্তমান স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি এপ্রিলেই। তার অধীনে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে সন্তোষজনক ফল পায়নি বাংলাদেশ। ছয় ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল দলটি।
সাম্প্রতিক সময়ে সান মারিনোর পারফরম্যান্সও খুব একটা ভালো নয়। ২০২৬ বিশ্বকাপের উয়েফা অঞ্চলের বাছাইপর্বে আট ম্যাচের সবকটিতে হেরে গ্রুপের তলানিতে থেকে বিদায় নিয়েছে তারা।












