• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে তারেক রহমানের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ ২:০১
আপডেট: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ ২:০১

9658745

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে তারেক রহমানের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার বিষয়াদি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচন নিয়ে বিএনপির ভাবনা, শ্রমিকদের অধিকার ও বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহ উল্লাহ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন।

বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল আজ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইইউ একটি বড় পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে। এসব বিষয়েই মূলত তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেছে। আলোচনা ছিল অত্যন্ত ভালো ও ফলপ্রসূ।

তিনি বলেন, প্রতিনিধি দল জানতে চেয়েছে আসন্ন নির্বাচন কেমন হতে যাচ্ছে এবং সেখানে বিএনপির ভূমিকা কী হবে। একই সঙ্গে নির্বাচন-পরবর্তী সময়ে দেশের উন্নয়ন নিয়ে বিএনপির ভাবনাও জানতে চেয়েছে তারা। এ বিষয়ে তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের দাবি বিএনপির। আমরা চাই নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হোক। এ ব্যাপারে বিএনপির প্রতিশ্রুতি ও আগ্রহ তিনি পুনর্ব্যক্ত করেছেন।

নজরুল ইসলাম খান আরও বলেন, তারেক রহমান উল্লেখ করেছেন যে দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য, যেখানে ভোটের মাধ্যমে নিজেদের ইচ্ছা ও আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারবে। বিএনপি সক্রিয়ভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হচ্ছে।

বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমান আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে ইইউ বাংলাদেশের পাশে আরও বড় পরিসরে দাঁড়াবে এবং উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে। প্রতিনিধি দলও জানিয়েছে, তারা আগামীতেও বাংলাদেশকে আরও বেশি সহযোগিতা দেবে।

শ্রমিক অধিকার প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ইইউ প্রতিনিধি দলের এ বিষয়ে কিছু উদ্বেগ ছিল। তারেক রহমান তাদের জানিয়েছেন, শ্রমিক কল্যাণে বিএনপি সরকারই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বেগম খালেদা জিয়ার শাসনামলেই শ্রম আদালত সংশোধন, লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন গঠনসহ শ্রমিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। শ্রমিকদের স্বার্থে গৃহীত আইন ও সংস্কার শুধু রক্ষা নয়, আরও এগিয়ে নেওয়ার ব্যাপারেও বিএনপি আগ্রহী।

এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি সবসময়ই চায় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক। তারেক রহমান বিদেশ থেকে ফিরে প্রথম সমাবেশেই শান্তি ও সমঝোতার কথা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলেছেন।

তিনি আরও বলেন, বিগত কয়েকটি নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠায়নি। এবার একটি বড় পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্তই প্রমাণ করে যে, তারা এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে ধারণা করছে। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের সমর্থনই প্রতিফলিত হয়েছে এবং নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারকে তারা আরও বেশি সহযোগিতা করবে বলে আমরা মনে করি।

নজরুল ইসলাম খান বলেন, বর্তমান নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে। নির্বাচন আমাদের দেশের বিষয়, এটি আমাদেরই পরিচালনা করার বিষয় বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, গত (২৫ ডিসেম্বর) দেশে ফেরার পর এই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় কার্যালয়ে কোনো বিদেশি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com