• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আতঙ্কিত ও শিহরিত জনপদে পরিণত হয়েছে বাংলাদেশ : রিজভী

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২ ২:৫০
আপডেট: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২ ২:৫০

9660021 5

আতঙ্কিত ও শিহরিত জনপদে পরিণত হয়েছে বাংলাদেশ : রিজভী

সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আতঙ্কিত ও শিহরিত জনপদে পরিণত হয়েছে বাংলাদেশ। এখন প্রতিদিনই আমাদের নেতাদের তুলে নিয়ে যাচ্ছে। তুলে নিয়ে কয়েকদিন গুম রাখার পর গ্রেফতার দেখানো হচ্ছে। জামিন বাতিল করে জেলে পুরছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সারাদেশে প্রতিদিন বিএনপির নেতাদের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে আওয়ামী পুলিশ। বিএনপি নেতাদের বাড়িতে অভিযানকালে হয়রানি, দুর্ব্যবহার করছে। নারীদের অপদস্ত করছে। ১২ বছর আগে মারা যাওয়া ফরিদপুরের সাবেক কমিশনার ও শহর বিএনপির সভাপতি প্রয়াত বাচ্চু মিয়া আলীর বাড়িতে মঙ্গলবার মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়েছে। মুন্সিগঞ্জ জেলায় বিএনপিরে আহ্বায়ক কমিটির সদস্য যিনি এক বছর আগে মৃত্যুবরণ করেছেন তার বাড়িতেও সাদা পোশাকধারীরা হানা দিয়েছে। তাদের বাড়িতে অভিযানকালে নারীদের সঙ্গে ন্যাক্কারজনক আচরণ করেছে পুলিশ।

তিনি বলেন, ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে গণগ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে। নগরকান্দায় সাতজনকে গ্রেফতারের পাশাপাশি ফরিদপুরে অন্তত ছয়জন নেতার বাড়িতে অভিযানের নামে হয়রানি করেছে পুলিশ।

রিজভী বলেন, প্রতিটি বিভাগীয় গণসমাবেশকে বানচাল করার জন্য গণপরিবহন বন্ধ করে দিচ্ছে। পথে পথে হামলা করছে, গ্রেফতার-মামলা করছে। তাতে কি শেখ হাসিনা রুখতে পারবে জনতার টালমাটাল জোয়ার। বাংলাদেশে স্বৈরতন্ত্রের অনুকূল সমাজভূমি বলে কিছু নেই। এখানে ফ্যাসিবাদ বেশিদিন টিকতে পারবে না। বাংলাদেশের মসনদ শেখ হাসিনার পৈতৃক সম্পত্তি নয়। সুতরাং তার পছন্দের গণভবন চিরস্থায়ী নিবাস হবে না। হুমকি, হামলা-মামলা, গ্রেফতার, গুম-খুনে এবার আর কাজ হবে না। আপনারা বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন যত দ্রুত অনুভব করবেন ততই আপনাদের জন্য মঙ্গল। আপনাদের সময় শেষ। দ্রুত সংসদ ভেঙ্গে দিন, অবিলম্বে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সরে যান।

বিএনপির এই মুখপাত্র বলেন, দুই মাস আগেও শেখ হাসিনা খুব খোশ মেজাজেই ছিলেন। তার এই সুবচন নির্বাসনে গেল কদিন পরেই। এই অমিয় বচন উবে গেল। যখন দেখলেন জনগণ লাখে লাখে রাজপথে নেমেছে। চোখে সরষে ফুল দেখতে শুরু করলেন তিনি।

রিজভী বলেন, এখন সরকারকে বুঝতে হবে অতীতের আন্দোলনের ধারাবাহিকতায় এবারের আন্দোলনের মাত্রা হবে ভিন্ন। এবারের আন্দোলনে নতুন ডাইমেনশন তৈরি হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাংগঠনিক দক্ষতা ও অসামান্য নেতৃত্বের কারণে সারাদেশে একনায়কতান্ত্রিক ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে জনমত তৈরি হয়েছে। জনগণের স্বতঃফূর্ত অংশ গ্রহণে আন্দোলন এখন গণমুখী। জনতার হাতে স্টিয়ারিং। মাফিয়া সরকার ও তাদের পোষ্যরা কোনক্রমেই রুখতে পারবে না এই গনজোয়ার। জনগণের লক্ষ্য বিজয়। সে লক্ষ্যে পৌঁছাতে যেখানে যে বাধা আসবে তা প্রতিহত করেই এগিয়ে যাবে তারা। এবার আন্দোলনের সুনামি হবে। সেই সুনামিতে সরকার ভেসে যাবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com