• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঈদযাত্রা নিরাপদ ও চাঁদাবাজি বন্ধে সমন্বিত উদ্যোগ দরকার: শিমুল বিশ্বাস

প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬ ১০:৫৭
আপডেট: সোমবার, ৯ মার্চ, ২০২৬ ১০:৫৭

9632620

ঈদযাত্রা নিরাপদ ও চাঁদাবাজি বন্ধে সমন্বিত উদ্যোগ দরকার: শিমুল বিশ্বাস

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
ঈদে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ নেওয়া দরকার। তাহলে সাধারণ মানুষ নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে মন্তব্য করেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক ও পাবনা ৫ আসনের এমপি অ্যাডভোকেট শামসুর রাহমান শিমুল বিশ্বাস।

তিনি বলেন, মালিক-শ্রমিক, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় থাকলে ঈদ যাত্রা অনেক বেশি নিরাপদ ও স্বস্তিদায়ক করা সম্ভব।

ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সোমবার (৯ মার্চ) সায়দাবাদ বাস টার্মিনালে মালিক ও শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সায়দাবাদ বাস টার্মিনাল মালিক ও শ্রমিক কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় পরিবহন খাতের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়।

শিমুল বিশ্বাস বলেন, ঈদ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন শহর থেকে লাখো মানুষ নিজ নিজ গ্রামের বাড়িতে ফিরবেন। ফলে সড়ক ও মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাবে। এ সময় অনেক স্থানে অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি ও বিশৃঙ্খলার অভিযোগ উঠে, যা সাধারণ যাত্রীদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

তিনি বলেন, ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক ও নিরাপদ করতে হলে পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য পরিবহন মালিক-শ্রমিকদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। একই সঙ্গে সড়কের বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে চাঁদা আদায় বন্ধে কঠোর নজরদারি প্রয়োজন।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়াতে হবে, যাতে কোনো অসাধু চক্র যাত্রীদের জিম্মি করে চাঁদাবাজি করতে না পারে এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করে যানজট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষ যেন শান্তি ও নিরাপত্তার সঙ্গে পরিবারের কাছে ঈদ উদযাপন করতে যেতে পারে, সেটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

সায়দাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতির আহ্বায়ক নবী উল্লাহ নবীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার সারওয়ার হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুল বাতেন, মহাসচিব সাইফুল ইসলামসহ পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com