কুমিল্লা প্রতিনিধি
ছবি: সংগৃহীত
একটি দল গণভোট নিয়ে মুখে মুখে ‘হ্যাঁ’ বললেও তলে তলে তারা ‘না’ ভোটের কথা বলছে বলে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রামে ১১-দলীয় জোটের নির্বাচনি জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি বলেন, ‘একটি দল মুখে বলে ‘হ্যাঁ’ ব্যালটে ভোট দেওয়ার কথা, আবার তলে তলে বলে ‘না’ ব্যালটে ভোট দেওয়ার কথা। যারা মুখে এক কথা বলে আর অন্তরে আরেক তাদের কী বলে? যারা দুই ধরনের কথা বলে, তারা হলো মোনাফেক। ২৪-পরবর্তী বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, আর কোনো মোনাফেক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে পরিবর্তনকে চূড়ান্তভাবে নিশ্চিত করতে হবে। আর যদি গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত না হয়, তাহলে বাংলাদেশ পিছিয়ে যাবে।’
মামুনুল হক বলেন, ‘দুটি রাজপরিবারের হাতে বাংলাদেশের মানুষ আর নিজেদের বন্ধক দিতে রাজি নয়। তাদের জমিদারির কাছে মানুষ আর বন্দী থাকতে চায় না। তাই ১১-দলীয় জোট গঠিত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে তাদের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য।’
নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের যদি কেউ ভয় দেখাতে আসে, আপনারা সেটিতে ভয় পাবেন না। সাহস করে চোখ রাঙিয়ে বলবেন আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমরা আমাদের মা-বোনদের পাশে আছি। তাদের প্রতি কোনো অন্যায় হলে চব্বিশের মতো আবারও আমরা জেগে উঠব।’
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান, ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম প্রমুখ।












