• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কোনো বিভক্তি নয়, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই: জামায়াত আমির

প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ৯:৪১
আপডেট: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ৯:৪১

9666659853

কোনো বিভক্তি নয়, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই: জামায়াত আমির

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আর কোনো বিভক্তি নয়, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। চব্বিশে যেমন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিল, ঠিক তেমনি ছাব্বিশেও ভোটের মাধ্যমে দেশে বিপ্লব ঘটাতে হবে। যদি কেউ রাজনৈতিক লেবাস পরে জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলে, তবে তাদের হাতের আঙুল ভেঙে দেওয়া হবে। এ দেশে আর ফ্যাসিবাদ কারও ঘাড়ে ভর করে আসতে দেওয়া হবে না।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের উজির আলী হাইস্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের আমির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ-২ আসনে জামায়াতের প্রার্থী আলী আজম মোহাম্মদ আবু বকর।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ৫ আগস্টের পর ঝিনাইদহে নাকি চাঁদার হার বেড়ে গেছে। যারা চাঁদাবাজি করেন, তাদের লজ্জা হওয়া উচিত। কারণ একজন মানুষ খেটে খেটে টাকা উপার্জন করেন, আর আপনারা তাতে ভাগ বসান। চাঁদাবাজদের ভিক্ষার পরামর্শ দিয়ে তিনি বলেন, চাঁদাবাজি হারাম, কিন্তু ভিক্ষা হারাম নয়।

ফ্যাসিবাদী সরকারের আমলে সিন্ডিকেট করে চাঁদাবাজি করা হতো, এতে জিনিসপত্রের দাম বেড়ে যেত। তিনি বলেন, ফ্যাসিবাদকে বুকের তাজা রক্ত দিয়ে তাড়ানো হয়েছে। কেউ আবার আসতে চাইলে রুখে দেওয়া হবে। কারণ স্ত্রী তার স্বামী, মা তার সন্তান হারিয়ে জাতির ঘাড়ে চেপে বসা জগদ্দল পাথর সরিয়েছে।

জামায়াতের আমির বলেন, আমরা নিজেরা সম্পদ বৃদ্ধি করব না, বরং ক্ষমতায় গেলে দেশের জনগণের সম্পদ বৃদ্ধি করব। দেশের টাকা যারা চুরি করেছে, তাদের পেটের মধ্যে হাত ঢুকিয়ে বের করা হবে। দেশে চিরতরে চুরি বন্ধ করা হবে।

তিনি বলেন, ক্ষমতায় গেলে আমরা বেকার ভাতা দিয়ে যুবকদের অপমানিত করতে চাই না। বরং শিক্ষিত যুবকদের দক্ষতা ও প্রযুক্তিজ্ঞানসম্পন্ন করে গড়ে তুলে মর্যাদার কার্ড হাতে তুলে দিতে চাই। ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপন, উন্নত চিকিৎসাব্যবস্থা, উন্নত যোগাযোগের জন্য রেললাইন স্থাপন এবং জেলার নদী খনন করে বহুমুখী কাজে লাগানোর কথাও বলেন তিনি। জামায়াত ক্ষমতায় এলে উন্নয়নে কোনো বৈষম্য থাকবে না। ইনসাফ কায়েম করে সর্বক্ষণ মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।

জামায়াতের আমির ঝিনাইদহ জেলাকে সবচেয়ে বড় শহিদি দরগাহ হিসেবে উল্লেখ করে বলেন, এই জেলায় জালিম শাসকদের হাতে সোহানের মতো করুণ যুবকেরা খুন হয়েছে। হত্যার পর তার হাতের নখ উপড়ে ফেলা হয়েছিল। তিনি খুন হওয়া পরিবারগুলোর পাশে থাকতে চান বলে জানান।

সমাবেশে জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের প্রার্থী আলী আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ-১ আসনের প্রার্থী আবু ছালেহ মো. মতিউর রহমান, ঝিনাইদহ-৩ আসনের প্রার্থী মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী আবু তালিবের হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com