আওয়ামী লীগ সরকার জনগণকেই সবচেয়ে বড় শত্রু মনে করে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু।
আজ রোববার যুবদলের কেন্দ্রীয় কমিটির সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপি ঘোষিত সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নে কর্মকৌশল নির্ধারণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মহানগর দক্ষিণ যুবদলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি আগামী ১৫ মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব সমাবেশ এবং ১৮ মার্চ বিএনপির ঘোষিত দেশের প্রত্যেক মহানগরে যুগপৎ সমাবেশ নিয়ে নিজেদের পস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
যুবদল সভাপতি বলেন, অবৈধভাবে ক্ষমতায় থাকতে সরকার নানারকম ফন্দি-ফিকির করছে, ষড়যন্ত্র করছে। কিন্তু এসব করে কোনো লাভ হবে না। এবার তাদের পতন কেউ ঠেকাতে পারবে না।
তিনি বলেন, তাদের সকল অন্যায়-অত্যাচার, লুটপাট, গুম-খুনের হিসেব নেওয়া হবে। তাদের বিচারের মুখোমুখি হতে হবে।
টুকু বলেন, আওয়ামী সরকার জনগণকেই সবচেয়ে বড় শত্রু মনে করে। রাষ্ট্রের সকল অঙ্গকে করায়ত্ত্ব করে সরকার নিজেদের অপ্রতিদ্বন্দ্বী ভাবছে। জনগণকে উপেক্ষা করে নিজেদের খেয়াল খুশি মতো রাষ্ট্র পরিচালনা করলে তার পরিণতি যে শুভ হয় না, সে কথাটি আওয়ামী লীগ সরকার ভুলে গেছে।
তিনি আরও বলেন, অনাচারের ওপর নির্ভর করে সরকার টিকে থাকতে চাচ্ছে। কিন্তু তাতে সরকারের শেষ রক্ষা হবে না। সকল অপকর্মের জবাব দিতেই জনগণ পথে-পথে ব্যারিকেড তৈরি করবে।
মহানগর দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাইদ হাসান মিন্টুর সভাপতিত্বে এবং সদস্য সচিব খন্দকার এনামুল হক এনামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।












