• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খালেদা জিয়া শর্ত মেনে বিদেশ যাবেন না : সমমনা জোট

প্রকাশ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ৮:৩০
আপডেট: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ৮:৩০

966689 3

খালেদা জিয়া শর্ত মেনে বিদেশ যাবেন না : সমমনা জোট

নিউজ ডেস্ক
যুগপৎ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। অবিলম্বে তার বিদেশে উন্নত চিকিৎসা দরকার। কিন্তু সরকারের কোনো শর্ত মেনে তিনি বিদেশে যাবেন না। তাহলে ওয়ান-ইলেভেন সরকারের সময়েই তিনি বিদেশে যেতে পারতেন।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড় সংলগ্ন আলরাজি কমপ্লেক্সের সামনে এক দফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ড. ফরহাদ।

এ সময় তিনি বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানান।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আওয়ামী লীগ সরকার আবারো ২০১৪ ও ২০১৮ সালের মতো প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় থাকার পাঁয়তারা করছে। তবে ২০১৪-’১৮ আর ২০২৪ এক নয়। মার্কিন যুক্তরাষ্ট্রসহ গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। এটা দেশবাসীরও দাবি। এই দাবিতে গণতন্ত্রগামী সব বিরোধী দল রাজপথে নেমেছে, জনগণও জেগে উঠেছে। তারা আর এদেশে কোনো প্রহসনের নির্বাচন হতে দেবে না। সুতরাং এই সরকার অবশ্যই পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে।

বিএনপিকে বাদ দিয়ে এ দেশে আগামীতে কোনো নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সরকারকে অবিলম্বে এক দফা মেনে নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় জনগণ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে দাবি মানতে বাধ্য করবে। তখন ক্ষমতাসীনরা পালানোর পথ পাবে না।

‘যতক্ষণ পর্যন্ত না সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। জাতীয়তাবাদী সমননা জোট দাবি আদায় ছাড়া রাজপথ ছাড়বে না,’ বলেন ড. ফরহাদ।

সমাবেশে জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, আজকে গণতন্ত্র ধ্বংস করে বিএনপিসহ বিরোধীদলের লাখ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছে। কিন্তু হামলা-মামলা, অত্যাচার-নির্যাতন করে লাভ হবে না। এই সরকারকে যেতেই হবে। কারণ, এদের পতনের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। আওয়ামী লীগ সরকারের অধীনে আগামীতে আর কোনো নির্বাচন হবে না।

সরকারপ্রধানের উদ্দেশে গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী বলেন, অবিলম্বে গণদাবি মেনে নিয়ে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। নইলে জনগণ আন্দোলনের মধ্য দিয়ে আপনাদের পদত্যাগে বাধ্য করবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com