• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিশ্বাসঘাতকতা করেছে সরকার: নাহিদ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৯:৫১
আপডেট: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৯:৫১

9658520

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিশ্বাসঘাতকতা করেছে সরকার: নাহিদ

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না করে বর্তমান সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরে তারা শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের খোঁজ-খবর নেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের দাবি ছিল ৩টি। বিচার, সংস্কার এবং নির্বাচন। আমরা দেখেছি নির্বাচন হয়েছে। কিন্তু বিচার ও সংস্কার বাংলাদেশের জনগণ পায়নি এখনো। বিচারে আবু সাঈদের যে মামলার রায়, সেই মামলার রায় আমরা পেয়েছি। কিন্তু সে মামলার রায় কিন্তু এখনো কার্যকর হয়নি।

তিনি বলেন, গণভোটে সত্তর পার্সেন্ট মানুষ ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার সেই রায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, গণভোটের রায় তারা কার্যকর করছে না। জুলাই সনদ তারা মুখে মুখে কার্যকর করবে বলছে। এটা তাদের কেবলই মৌখিক প্রতারণা। তারা একত্রিশ দফা সাথে প্রতারণা করেছে। তারা বলেছিল সংবিধান সংস্কার কমিশন করবে, সেটি তারা করেনি।

জুলাই হত্যা মামলার রায় কার্যকরের দাবি জানিয়ে তিনি বলেন, অনেকগুলো মামলার রায় হয়েছে। এখন বাংলাদেশের মানুষ সেই রায়গুলোর বাস্তবায়ন দেখতে চায়। শহীদ আবু সাঈদের হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে সরকার যেন দ্রুত দেশে ফিরিয়ে এনে আদালতের দেওয়া রায় কার্যকর করে। অন্যান্য মামলার বিচারকাজও দ্রুত শেষ করে রায় কার্যকর করা উচিত। এতে আন্দোলনে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ন্যায়বিচার পাবেন।

সরকার ও বিরোধী দল একসঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন করছে মুক্তিযুদ্ধমন্ত্রীর এমন বক্তব্য নিয়ে তিনি বলেন, ‘সরকার যদি সত্যিকার অর্থে সংস্কার করতে চায় তাহলে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করছি এই প্রশ্নে। সংস্কার, বিচার, ফ্যাসিবাবাদের বিলুপ্তি, বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি ইত্যাদি প্রশ্নে আমরা সরকার বিরোধী দল হিসেবে দেখি না।’

তিনি বলেন, ‘আমরা দেশের জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে এক কাতারে দাঁড়ানো উচিত। কিন্তু আমরা সেরকম কোনো আলামত আমরা সরকারের কোনো আচরণে আমরা দেখতে পাচ্ছি না। ফলে জুলাই সনদ গণভোটের রায়ের আলোকে বাস্তবায়ন করতে হবে। তাদের নোট অফ ডিসেন্টের আলোকে বাস্তবায়ন করলে সেখানে আমাদের কোনো সহযোগিতা তো থাকবেই না, আমাদের কোনো অংশগ্রহণও থাকবে না।’

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com