জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
সরকার বিরোধী দলের পরামর্শ না মানলে সংসদে কঠোর প্রতিবাদ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন, গণমাধ্যমের ওপর সরকারের হস্তক্ষেপ নির্লজ্জ এবং এটি মেনে নেওয়া যায় না।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা-১৫ সংসদীয় আসনে এতিমদের জন্য আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন,‘যে কেউ শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে জুলুমের শিকার হবে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব। কেউ যেন দলীয় পরিচয়ের কারণে অন্যায় শিকার না হয়, তা আমাদের লক্ষ্য।’
তিনি আরও জানান,‘সরকার ও বিরোধীদল একসঙ্গে কাজ করলে জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব। আমরা চাই, সরকারি এবং বিরোধীদল মিলিতভাবে মানুষের অধিকার সুরক্ষিত করতে পারি।’
ইফতার মাহফিলে উপস্থিত এতিম শিক্ষার্থীদের প্রসঙ্গে তিনি বলেন,‘এতিমদের থেকে আমরা মনিমুক্তা বের করে আনতে চাই। তাদের এমনভাবে গড়ে তুলতে চাই যাতে তারা দেশ ও জাতির গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে।’ তিনি আরও যোগ করেন,‘যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, আমরা আশা রাখব সরকার সেই কাজটাই করবে।’
সম্প্রতি এখন টিভি-এর চারজন সাংবাদিকের চাকরি হারানোর ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন,‘এটি সাংবাদিকদের স্বাধীনতার ওপর নির্লজ্জ আঘাত। আমরা সরকারের কাছে আশা রাখব—সাংবাদিকদের পুনর্বহাল করা হবে। নইলে আমরা মনে করব সরকার একনায়কতন্ত্রের দিকে এগোচ্ছে।’
ইফতার মাহফিলের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।
সভাপতির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন,‘বাংলাদেশের মানুষ ইসলামপ্রিয় ও কোরআনপ্রিয়। তারা কোরআনের চেতনায় বিশ্বাস রাখে।’
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, থানা আমির এবং বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ।













