জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের বিকাশ এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধি দলের বৈঠক হয়েছে।
রবিবার (৯ আগস্ট) বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আইআরআইয়ের সাম্প্রতিক দেশব্যাপী জরিপের ফলাফল নিয়েও দুই পক্ষের মধ্যে বিস্তারিত মতবিনিময় হয়।
আইআরআইয়ের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের সিনিয়র ডিরেক্টর সোনজা গ্লোয়েকলে বর্তমানে বাংলাদেশ সফর করছেন। সফরের অংশ হিসেবে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পরিচালিত জরিপের ফলাফল তুলে ধরছেন। এরই ধারাবাহিকতায় জামায়াতের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আইআরআই বাংলাদেশের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহারথি, টেকনিক্যাল অ্যাডভাইজার অমিতাভ ঘোষ ও টেকনিক্যাল অ্যাডভাইজার রুকসানা হক উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর পক্ষে অংশ নেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মুনির এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
আলোচনায় আইআরআইয়ের জরিপে উঠে আসা বিভিন্ন তথ্য, এর সম্ভাব্য প্রভাব এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় হয়। জরিপে উঠে আসা সুপারিশগুলো বাস্তবায়নের সম্ভাব্য দিক নিয়েও আলোচনা করেন দুই পক্ষের প্রতিনিধিরা।
বৈঠকে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মুনির গত জাতীয় নির্বাচনে জামায়াতের অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে ভবিষ্যতে জাতীয় ও স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের জন্য জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যবেক্ষণ ও সুপারিশ আইআরআই প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন।












