জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ভোলা-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, গত ১৬ বছর নির্বাচন কমিশন পাতানো নির্বাচন করেছে। কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না। এজন্যই আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে গত ১৬ বছর সংগ্রাম করেছেন।
আজ শনিবার (২৫ অক্টোবর) বিকেলে চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ও ওমরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে জনতা বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নুরুল ইসলাম নয়ন বলেন, গত ১৬ বছরে স্বাধীন রাষ্ট্রগুলোর তালিকায় নিশ্চয়ই বাংলাদেশের নাম ছিল, কিন্তু দেশের মানুষের স্বাধীন ছিল না। শুধু তাই নয় একটি পার্লামেন্ট ছিল নামে মাত্র, যার কোন কার্যকারিতা ছিল না। ওই সময় রাজনৈতিক পরিচয় দেখে বিচারের রায় নির্ধারিত হতো।
এ সময় স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ সমর্থকরা উপস্থিত ছিলেন।












