জনতার আওয়াজ ডেস্ক
আলোচনাসভা, সিম্পোজিয়াম, কুরআন বিতরণসহ বিভিন্ন আয়োজনে সারা দেশে বদর দিবস পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ বৃহস্পতিবার ঢাকাসহ দেশের বিভিন্ন মহানগর, জেলা শাখাসমূহ দিবসটি উপলক্ষ্যে কেন্দ্র ঘোষিত নানা কর্মসূচি পালন করে।
ঢাকা মহানগর উত্তর শাখার আলোচনাসভায় অংশ নিয়ে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী ময়দানের নাম বদর। ইসলামের অগ্রযাত্রা এ ময়দান থেকে শুরু হয়েছিল। বিশ্ববাসীকে ইসলামী শক্তির বার্তা দেওয়া হয়েছিল বদর প্রান্তর থেকে। সংখ্যা নয় বরং আল্লাহর ওপর অবিচল ঈমানী দৃঢ়তা ও নৈতিক মানে উত্তীর্ণ হওয়ার কারণে সেদিন দ্বীনের মুজাহিদরা সরাসরি আল্লাহর সাহায্য পেয়েছিলেন। আজও দ্বীনের বিজয় করতে হলে ইসলামী আন্দোলনের জনশক্তিদের সেই ঈমানী দৃঢ়তা, সাহসীকতা, আনুগত্য ও নৈতিক মানে উন্নিত হতে হবে। আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস সুদৃঢ় করে বাতিলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখে বিজয়ের দিকে অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।
ঢাবিতে প্রথম হওয়া প্রিয়ন্তী পড়তে চান আইনেঢাবিতে প্রথম হওয়া প্রিয়ন্তী পড়তে চান আইনে
শিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, বদরের সেই দুঃসাহসিক সংগ্রামের লক্ষ্য ছিল সার্বিকভাবে ইসলামকে বিজয়ী করা। এ বিজয় আমাদের শিখিয়েছে লড়াই, সংগ্রাম ও জিহাদের পথ। কিন্তু পরিকল্পিতভাবে জিহাদকে বিকৃতভাবে প্রচারে এবং এর অপ্রত্যাশিত প্রভাবই মুসলিম উম্মাহর পিছিয়ে থাকার অন্যতম কারণ। অথচ মুসলমানদের জন্য জিহাদ একটি মৌলিক ইবাদত এবং মুক্তির পথ। জিহাদ নিয়ে হীনমন্যতা ত্যাগ করতে হবে। শাহাদাতের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে ময়দানে দ্বীন প্রতিষ্ঠার কাজ করে যেতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীদের আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। বদর প্রান্তরের দ্বীনের সৈনিকদের গুণ অর্জন করতে পারলে মহান আল্লাহ তায়ালা আমাদের বিজয় দেবেন ইনশাআল্লাহ।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি মু. সালাহউদ্দিনের সভাপতিত্বে ও মহানগর উত্তরের সেক্রেটারি মীর শিহাব উদ্দীন সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন শাখা সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শাকিল প্রমুখ।












