জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে জাতীয়তাবাদী যুবদলের নতুন নেতৃত্ব কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৩ জুন) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান যুবদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। এই কমিটির মাধ্যমে যুবদল নতুন উদ্যমে সারা দেশে আরও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিএনপি মহাসচিব বলেন, আজ আমরা যুবদলের পূর্ণাঙ্গ কমিটির নেতাদের নিয়ে আমাদের দলের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং দীর্ঘ সংগ্রামের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নেওয়া আমাদের নেত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে এসেছি। সারা দেশে যুবদলকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে এবং দেশের কল্যাণে কাজ করবে যুবদল।
মহাসচিব বলেন, বর্তমান বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ নীতি হলো যুবক ও তরুণদের সামনে নিয়ে আসা। কারণ তারুণ্যের হাতেই বাংলাদেশের উন্নয়ন নির্ভর করছে। নতুন কমিটির ওপর অর্পিত দায়িত্ব তারা সফলভাবে পালন করবে বলে আমরা বিশ্বাস করি।
তিনি আরো বলেন, নতুন বাংলাদেশের নেতা ও ডায়নামিক লিডার তারেক রহমানের নেতৃত্বে যুবদলের নতুন নেতৃত্ব সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করবে।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় যুবদলের সাবেক সভাপতি বরকত উল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।












