• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশের মূল সমস্যা হচ্ছে এই অবৈধ সরকার: ইশরাক

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ৯:১৬
আপডেট: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ৯:১৬

98558789

দেশের মূল সমস্যা হচ্ছে এই অবৈধ সরকার: ইশরাক

নিউজ ডেস্ক

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে বর্তমান অবৈধ সরকার। সর্বক্ষেত্রে তারা ব্যর্থ। জনগণের দিকে তাদের দৃষ্টি নেই। তাদের মূল লক্ষ্য লুটপাট করা। তাই আজকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়াকে মুক্ত করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

বুধবার বিকেলে রাজধানীর বৌদ্ধ মন্দির এলাকায় ঢাকা মহানগর ৪ এবং ৫ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ অনুষ্ঠান পূর্বক এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, অনির্বাচিত বিনা ভোটের এ সরকার বাংলাদেশকে লুটপাট করছে। তারই ধারাবাহিকতায় ২০২০ সালে ভুয়া নির্বাচনের মাধ্যমে দুই ভূয়া ব্যক্তিকে অবৈধভাবে মেয়র পদে বসিয়েছে। তারা কোনো মেয়র নয়, তারা অবৈধ সরকারের অবৈধ প্রশাসক। এরা ডেঙ্গু নিধনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মশক নিধনের নামে এদের বিরুদ্ধে অর্থ দূর্নীতির অভিযোগ এসেছে।

বিগত ডিএসসিসি’র মেয়র প্রার্থী ইশরাক বলেন, বিএনপির শাসনামলে ডেঙ্গু নিধনে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়। যার ফলে ডেঙ্গুর প্রকোপ কমে পরবর্তীতে মৃত্যুর সংখ্যা প্রায় শূন্যতে নেমে আসে। আজকে সরকারের ব্যর্থতার কারণে লাখ লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছে শতশত মানুষ।

তিনি বলেন, নগরবাসী যখন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু শঙ্কায় দিন কাটাচ্ছে সেই মুহুর্তে এক মেয়র পরিবার নিয়ে বিদেশ সফরে ব্যস্ত ছিলেন, আরেক মেয়র ড্রোন উড়িয়ে জনগণের সাথে তামাশা করেছেন।

তিনি বলেন, সরকারের ১৫ বছরের অবৈধ শাসনামলের আমরা শেষ মুহুর্তে এসে পৌছেছি। এখান থেকে পিছনে ফেরা যাবে না। যে করেই হোক দেশনেত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে এ বাকশালি সরকারের পতন ঘটিয়েই আমরা ঘরে ফিরে যাবো।

এসময় আরো উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মহাসচিব ডা. ফরহাদ হালিম ডোনার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় নেতা হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন, লিটন মাহমুদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com