• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নাহিদের অসভ্য উক্তিতে দেশের মানুষ কষ্ট পেয়েছে: ফারুক

প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ ২:৩৪
আপডেট: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ ২:৩৪

985459

নাহিদের অসভ্য উক্তিতে দেশের মানুষ কষ্ট পেয়েছে: ফারুক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
‘মুজিববাদের চাঁদাবাজদের পাহারা দেওয়ার দল বিএনপি’—নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের এ মন্তব্যের জবাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, এতে খুব কষ্ট লেগেছে, ব্যথা লেগেছে। কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক দলের নেতা, যারা ক্ষমতায় যেতে চায়, সরকার গঠন করতে চায়, তাদের মুখে এ ধরনের অসভ্য উক্তি দেশের মানুষকে অত্যন্ত কষ্ট দিয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ঢাকাস্থ সেনবাগ ফোরামের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, আজকের চলমান রাজনৈতিক সংকট আওয়ামী লীগের তৈরি। ষোল বছরের রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে, ভোটাধিকার ও গণতন্ত্রের আন্দোলনে, বাংলাদেশের মানুষের স্বাধীনতার দাবিতে যে জুলাই-আগস্ট বিপ্লব সংঘটিত হয়েছিল, তখন মনে হয়েছিল, আর তো আওয়ামী লীগ নাই। আর তো দুঃশাসন থাকবে না। আর দিনের ভোট রাতে হবে না। আয়নাঘর হবে না। নির্যাতন চলবে না। নতুন রূপে র‍্যাব গঠিত হবে না। অপরাধ সংঘটিত হবে না।

তিনি বলেন, আমরা আশা করেছিলাম, বাংলাদেশের সব রাজনৈতিক দল যারা আন্দোলন-সংগ্রাম করেছে, যারা দেশের মানুষের শান্তি ও সুষ্ঠু নির্বাচনের জন্য আত্মাহুতি দিয়েছে—তাদের রক্তের প্রতি সম্মান জানিয়ে আমরা আবার জুলাই-আগস্টের মতো ঐক্য সৃষ্টি করে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পথে এগিয়ে যাব।

তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী দেশের এই ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, কালো টাকা দিয়ে বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় তারেক রহমান, মির্জা ফখরুলসহ বিএনপির নেতাদের বিরুদ্ধে যেসব অপপ্রচার চালানো হচ্ছে, তা বন্ধ করতে হবে। ষড়যন্ত্রকারীদের রুখতে হলে আবারও ঐক্যবদ্ধ হতে হবে।

নাহিদকে উদ্দেশ করে ফারুক বলেন, “আপনারা নতুন দল গঠন করেছেন। দেশের মানুষের কাছে যাবেন, আগামীতে সরকার গঠনের চেষ্টা করবেন—এতে কোনো সমস্যা নেই। আপনাদের রাজনৈতিক অবদান অস্বীকার করি না। কিন্তু আপনি যেভাবে বলেছেন ‘মুজিববাদের চাঁদাবাজদের পাহারা দেওয়ার দল বিএনপি’—এ কথা শুনে আমার খুব কষ্ট লেগেছে। এটা ছিল অত্যন্ত অসভ্য ও অরাজনৈতিক উক্তি।”

তিনি আরও বলেন, “তারেক রহমান ১৬ বছর ধরে বিদেশে থেকেও জাতীয়তাবাদী শক্তিকে একত্র করে আওয়ামী বিরোধী আন্দোলনে শক্তি জুগিয়েছেন। তাঁর বিরুদ্ধে এ ধরনের মন্তব্য দেশের মানুষ মেনে নেয়নি। যারা এভাবে অসভ্য ভাষায় একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতাকে অপমান করেছেন, তারা দুঃখ প্রকাশ করে এ বক্তব্য প্রত্যাহার করুন।”

ফারুক বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সবাই মিলে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে সরকারে বসিয়েছিলাম। সেই পদটির সম্মান আমাদের রক্ষা করতে হবে। সে আসনে বসা ব্যক্তিকে সহযোগিতা করতে হবে।”

তারেক রহমানকে নিয়ে কটূক্তির কারণে রাজনীতির পরিবেশ ঘোলাটে হচ্ছে বলে মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, “এই পরিবেশের জন্য দায় নিতে হবে আপনাদের। আমাদের ষোল বছরের রক্তে অর্জিত আন্দোলন ও নির্বাচনের প্রক্রিয়া যদি বাধাগ্রস্ত হয়, এর দায়দায়িত্ব আপনাদেরই নিতে হবে।”

জামায়াতের উদ্দেশে তিনি বলেন, “এত জ্বালা কেন? এত অহংকার কেন? আপনাদের ইতিহাস আমরা জানি, বাংলার মানুষও জানে। অতএব, ইতিহাস আলোচনা করলে দায়-দায়িত্ব কার ওপর যাবে, তা আপনারা ভালো করেই জানেন। আমরা শুধু এটুকুই বলতে চাই—তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে অশোভন মন্তব্য করা থেকে বিরত থাকুন।”

সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ঢাকাস্থ সেনবাগ ফোরামের সভাপতি এবিএম ফারুক। আরও বক্তব্য দেন মোজাম্মেল হোসেন সেলিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com