ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় গত বুধবার ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের কোনো নেতাকর্মী জড়িত থাকলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টায় ঢাবি সাংবাদিক সমিতির কার্যালয়ে তিনি এ কথা বলেন।
সাদ্দাম হোসেন বলেন, ‘গতকাল অনেকগুলো ছাত্র সংগঠনের কর্মসূচি ছিল, শিক্ষার্থীদের একটি কর্মসূচি ছিল। ক্যাম্পাস অস্থিতিশীল করার পায়তারার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি ছিল।তারা (গণ অধিকার পরিষদ) এক ধরনের উপযাজক হয়ে এক ধরনের নাটকীয় পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে বলে আমরা মনে করি। সার্বিকভাবে ঘটনাটি ঘটেছে। ঘটনাটি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বহিঃপ্রকাশই হোক কিংবা আনুষঙ্গিক অন্য ঘটনা হোক, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ও দুঃখজনক। অতি উৎসাহী হয়ে বাংলাদেশ ছাত্রলীগের কোনো পর্যায়ের কোনো কর্মী যদি এতে জড়িত থাকে তবে সেটি অবশ্যই আমরা খতিয়ে দেখব।












