পবিত্র রমজান সামনে রেখে বাজারের লাগাম টেনে ধরতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, খাদ্যপণ্যের দামের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকরী কোনো নিয়ন্ত্রণ না থাকায় বাজারে মুনাফাখোর জালিয়াত সিন্ডিকেটের এক ধরনের স্বর্গ রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় দপ্তরে বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন সাইফুল হক।
তিনি বলেন, খাদ্যপণ্যের যথেষ্ট মজুত থাকা সত্ত্বেও বেপরোয়া সিন্ডিকেট প্রায় প্রতিটি পণ্যের কৃত্রিম সংকট তৈরি করছে। সরকার-সরকারি নানা সংস্থার সঙ্গে এদের অশুভ আঁতাতের কারণে এরা ধরাছোঁয়ার বাইরে। সাইফুল হক বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের পাশাপাশি শ্রমজীবী মেহনতি ও স্বল্প আয়ের মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।
মতবিনিময় সভায় শ্রমিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক জামাল সিকদার, সদস্য সচিব গোলাম রাজিব, মঞ্জুরুল ইসলাম, ফারুক মণ্ডল, মোহাম্মদ মুরাদ, মহিবুল্লাহ রুবেল, মোহাম্মদ শহীদুল, মোহাম্মদ আজিজ, রেজাউল করিম প্রমুখ। সভায় নেতারা রিকশা শ্রমিকদের মানবিক জীবন নিশ্চিত করতে সংগঠনের ১০ দফা বাস্তবায়নে আন্দোলন জোরদার করার আহ্বান জানান।












