• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পশ্চিমবঙ্গের ফলাফলে বাংলাদেশের দায়িত্ব বেড়ে গেছে: নাহিদ

প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬ ১:১৩
আপডেট: শুক্রবার, ৮ মে, ২০২৬ ১:১৩

9633302 1

পশ্চিমবঙ্গের ফলাফলে বাংলাদেশের দায়িত্ব বেড়ে গেছে: নাহিদ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলের পর বাংলাদেশের দায়িত্ব অনেক বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে দায়িত্বশীল আচরণ করতে হবে।’

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হলে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হামের সংকটের জন্য যারা প্রকৃতভাবে দায়ী তাদের বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘শুধু পূর্ববর্তী সরকারকে দোষ দিয়ে বর্তমান সরকারও এর দায় এড়াতে পারে না।’

এ সময় বৃহত্তর চট্টগ্রামের এক বিএনপি নেতার সমালোচনা করে তিনি বলেন, ‘দেশে নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। নির্বাচনের পর বিএনপির আসল চেহারা বেরিয়ে এসেছে।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘দেশের গণতন্ত্র, নাগরিক অধিকার ও জনকল্যাণ নিশ্চিত করতে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘নতুন প্রজন্মের নেতৃত্বের মাধ্যমে একটি বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়তে এনসিপি কাজ করে যাচ্ছে।’

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে নতুন যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং দলীয় কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।

তিনি বলেন, ‘আমি সংসদেও এটা বলেছি, পশ্চিমবঙ্গে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এটার প্রভাব বাংলাদেশেও পড়বে। নির্বাচনের পরেও সেখানে মুসলিম নির্যাতন হচ্ছে, মতুয়া, দলিত ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন করা হচ্ছে।’

বাংলাদেশে সাম্প্রদায়িক উসকানি ও প্রোপাগান্ডা ছড়ানোর আশঙ্কার কথা উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই–পশ্চিমবঙ্গের এই নির্বাচনের ফলাফলের পরে বাংলাদেশের দায়িত্ব অনেক বেড়ে গেছে। বাংলাদেশকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এ দেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সবার নিরাপত্তা এবং নাগরিক অধিকার নিশ্চিতের দায়িত্ব আমাদের নিতে হবে। আমাদের শত্রুপক্ষ যারা বাংলাদেশবিরোধী, বাংলাদেশের স্বার্থবিরোধী, তারা নানা উসকানি দিবে, সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করবে, নানা প্রোপাগান্ডা করবে। আমাদের এ বিষয়ে সচেতন থাকতে হবে।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এটা দেখিয়ে দেব, দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হবে এই বাংলাদেশ। বাংলাদেশকে বাংলার মুসলমান, দলিত, মতুয়া সম্প্রদায়সহ সবার দায়িত্ব নিতে হবে এবং তাদের অধিকারের পক্ষে কথা বলতে হবে।’

অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের রাজনীতিতে এখন রাষ্ট্রীয় কালবৈশাখী চলছে। তিনি অভিযোগ করেন, বিএনপি আওয়ামী লীগের কাছে হাইজ্যাক হয়ে গেছে। এ সময় চট্টগ্রামে এনসিপির যে বসন্ত শুরু হয়েছে, তা সারা দেশে ছড়িয়ে পড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com